'প্রেম শটস' -এ মজবেন অঙ্গনা এবং বনি সেনগুপ্ত। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তার আগে আজকাল ডট ইনকে আসন্ন প্রজেক্টের বিষয়ে কী বললেন অভিনেতা, অভিনেত্রী?
এদিন অঙ্গনা বলেন, "'প্রেম শটস' ২৪ জুলাই মুক্তি পাচ্ছে। আমার খুব কাছের একটা সিরিজ। এই প্রথমবার বনির সঙ্গে আমার জুটি হল। নতুন প্রজন্মের রমকম, এই ধরনের কাজ তো বাংলায় খুব একটা করা হয় না। জি ফাইভকে আমি ধন্যবাদ জানাই যে এরম একটা প্রজেক্ট নিয়ে ওরা নামছে। ওরা এমনিতেও বিভিন্ন ধরনের গল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।"
'প্রেম শটস' -এর বিষয় কী, কোথায় আলাদা এই সিরিজ? অভিনেত্রী বলেন, "'প্রেম শটস' সিরিজে ভরপুর মজার জিনিস, কন্টেন্ট আছে। খুব ইন্টারেস্টিং ভাবে শুট করা হয়েছে, গানগুলো খুব ভাল। আমার চরিত্রের নাম 'সিলভা সিদ্দিকী'। নামটাও আমার খুব ভাল লেগেছে। খুব মজা হয়েছে শুট করে, কিন্তু খুবই প্রতিকূলতার মধ্যে শুট করেছি। মে থেকে শুট করেছি। আর মে, জুন দুই মাসেই খুবই বৃষ্টি হয়েছে। ওয়ার্কশপ করেছি ১-২, চরিত্র নিয়ে আলোচনা হয়েছে।"
সহকর্মীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঙ্গনা বলেন, "শ্রীমন্তদার সঙ্গে আমার এটা প্রথম কাজ, কিন্তু উনি আমায় খুবই ছোট থেকে চেনেন, সেই 'রোজগেরে গিন্নি'র সময় থেকে। বনির সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। সহ-অভিনেতা হিসেবে খুবই ভাল। পুরো সেটটা খুব মজার ছিল, কারণ আমরা সবাই মোটামুটি একই বয়সের ছিলাম, ভাইব এক ছিল। প্রোডাকশন খুব ভাল ছিল।"
'প্রেম শটস' -এ থাকবে শিলাজিতের গান সহ একাধিক চমক। তার কিছুটা এদিন আভাস দিলেন খোদ অভিনেত্রী। তাঁর কথায়, "আমার মনে হয় বাংলায় এই ধরনের কাজ করা হয় না। কেন করা হয় না জানি না, তবে আশা করি আরও করা হবে প্রেম শটসের পর থেকে। সব ইন্ডাস্ট্রিতে দেখবেন যুব সমাজকে নিয়ে কাজ হয়। কারণ ইয়ুথদের টার্গেট করতে হবেই, যাতে ওরাও আরও বেশি করে ছবি, সিরিজ দেখুক। রিলেট করুক। আমি খুব খুশি যে এই ধরনের কাজ আনা হচ্ছে। রমকম খুব দরকার। বিশেষ করে দর্শকদের আকৃষ্ট করার জন্য। আমি এমন একটা প্রজেক্টের অংশ হতে পেরে খুব খুশি। শিলাজিৎদা, দেবরাজদার গান আছে। শিঞ্জিনী, দেবদত্ত, শ্রেয়া গুপ্ত, সহ অনেকে কাজ করেছেন আমাদের সঙ্গে। আশা করব সবার এটা ভাল লাগবে, ভাল সাড়া পাবে। বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, প্রেম প্রেম একটা ভাব আছে। ভাল সময়ই রিলিজ করছে সিরিজটি। মানুষের ফিডব্যাক জানার অপেক্ষায় থাকব।"
প্রেম শটস মুক্তি পাওয়ার আগে বনি প্রজেক্টটি সম্পর্কে বলেন, "দারুণ এক্সাইটেড প্রজেক্টটির জন্য। পোস্টার মুক্তি পেল অবশেষে। আমার কাছে পোস্টারটা খুবই ফ্রেশ লাগছে, কারণ নতুন একটা জুটি। আমি আর অঙ্গনা এই প্রথমবার জুটি বাঁধলাম। আশা করব সবার সিরিজটি খুব ভাল লাগবে।"
















