সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

সাইয়ারার পর নতুন রূপে অনীত, ধরা দেবেন মধুবালার ভূমিকায়

সঞ্জয় লীলা বনশালির প্রযোজনায় আসতে চলেছে মধুবালার বায়োপিক। সূত্রের খবর এই ছবিতেই নাকি নাম ভূমিকায় দেখা যাবে অনীত পাড্ডাকে। সাইয়ারা ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর প্রথম ছবিতেই বাজিমাত করেন। এবার নতুন অবতারে ধরা দিতে চলেছেন। জানা গিয়েছে এই ছবিতে মধুবালার ব্যক্তিগত জীবন থেকে তাঁর কেরিয়ার, সবটাই তুলে ধরা হবে। জস্মিত কে রিন এই ছবিটির পরিচালনা করবেন। তবে ছবির বাকি তথ্য, আর কাকে কোন চরিত্রে দেখা যাবে, ইত্যাদি বিষয়ে কিছুই প্রকাশ্যে আনা হয়নি। শীঘ্রই শুটিং শুরু হবে ছবিটির। 

মধ্যপ্রাচ্য থেকে অবশেষে ভারতে ফিরলেন উর্বশী! মুম্বই নেমেই কী প্রতিক্রিয়া অভিনেত্রীর? 

মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে কুয়েতে আটকে ছিলেন উর্বশী রাউতেলা। অবশেষে তিনি সেই দেশ ছেড়ে ভারতে ফিরলেন। ইরান ইজরায়েল সংঘাতের সময় তিনি কুয়েতে আটকে থাকায় উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা। এদিন তাঁদের আশ্বস্ত করে অভিনেত্রী জানালেন তিনি ফিরছেন। একই সঙ্গে তিনি সেই বার্তা দিতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন। জানান তিনি ভীষণ ভীত হয়ে পড়েছিলেন। নিজেকে অসহায়, দুর্বল লাগছিল। এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে সেখানে তিনি চোখের জল মুছতে মুছতে বলেন, 'আমি একদম ঠিক ছিলাম যতক্ষণ না আমি প্লেনে চড়েছি। কিন্তু যেই প্লেনে উঠে বসলাম, হঠাৎ করে ভয় গ্রাস করল আমায়। হার্টবিট বেড়ে গেল। আমি জানি না কেন, কিন্তু আমার খুব ভয় লাগছিল।' তিনি এদিন সকলকে তাঁর জন্য প্রার্থনা করতে বলেন। 

বন্ধু সতীশের মেয়ের স্কুলে 'বাবা' হয়ে গেলেন অনুপম খের! 

বন্ধু সতীশ কৌশিকের প্রয়াণের পর তাঁর পরিবারের পাশে ঢাল হয়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সম্প্রতি তিনি প্রয়াত অভিনেতার মেয়ের স্কুলে তার বাবা হয়ে গিয়েছিলেন। একই সঙ্গে জানান এই দিনটি তাঁর জীবনের সবথেকে বড় আনন্দের দিন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অনুপম খের জানান তিনি বংশিকার স্কুলে গিয়েছিলেন তার নাটক দেখতে। আর সেটা দেখতে গিয়েই নস্টালজিক হয়ে পড়েন অনুপম খের। জানান তাঁর মনে পড়ে যায় সেই সব দিনের কথা যখন তিনি এবং সতীশ কৌশিক একসঙ্গে দিল্লিতে পথনাটিকা করতেন। একই সঙ্গে তিনি এদিন সতীশ-কন্যার ভূয়সী প্রশংসাও করেন। তাকে 'গুণী অভিনেত্রী' বলে আখ্যা দেন অনুপম খের।