আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে...জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
আলিয়াকে নিয়ে বিতর্কিত পোস্টে ‘লাইক’ অনন্যার!
টিনসেল টাউনে প্রায়ই তারকাদের মধ্যে রেষারেষির খবর ভেসে আসে। এবার সেই তালিকায় নাকি নতুন সংযোজন আলিয়া ভাট এবং অনন্যা পাণ্ডে! ঘটনার সূত্রপাত সমাজমাধ্যমের একটি পোস্টকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে অনন্যা একটি পোস্টে লাইক করেছেন, যাতে আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলা হয়েছে। আসলে সম্প্রতি অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আলিয়া।‘হক’ছবিতে ইয়ামির তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন রণবীর কাপুরের ঘরণি। আলিয়ার সেই পোস্ট নিয়েই বিতর্ক ছড়ায়। এরই মাঝে আলিয়াকে কেন্দ্র করে এক নেগেটিভ কমেন্টে ‘লাইক’ করে বসেন অনন্যা। যা চোখ এড়িয়ে যায়নি নেটাগরিকদের। কেউ কেউ অনন্যার সমালোচনা করছেন, আবার অনেকেই বলছেন, ‘ভুল বোঝাবুঝি হতে পারে’। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অনন্যা বা আলিয়ার তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া আসেনি।
ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য ইমরানের
অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি রণবীর কাপুরের ‘অ্যানিমাল’-এর সাফল্য নিয়ে কথা বলেন। তাঁর মতে, এই ছবির হিট হওয়ার পেছনে ‘পুরুষদের মানসিক নিরাপত্তাহীনতা’ বড় ভূমিকা নিয়েছে। ইমরান মনে করেন, ইন্ডাস্ট্রির অনেক পুরুষ অভিনেতাই নিজেদের দুর্বলতা ঢাকতে চান এবং সেই কারণে অতিরিক্ত ‘মাচো’ বা আক্রমণাত্মক চরিত্র দর্শকদের টানে। তিনি বলেন, “অনেকেই ছবিটিকে বিতর্কিত বললেও বাস্তবে এমন চরিত্রের সঙ্গে একাংশ দর্শক নিজেকে মিলিয়ে নিতে পারেন। তাই সমালোচনা সত্ত্বেও অ্যানিমাল বক্স অফিসে সফল হয়েছে।
নিজের চেহারা নিয়ে কেন অনিশ্চয়তায় ভুগতেন তাপসী?
অভিনেত্রী তাপসী পান্নু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুতে তিনি নিজের সৌন্দর্য নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন। অভিনেত্রীর কথায়, তিনি ভাবতেন বলিউডে নায়িকা হওয়ার মতো চেহারা তাঁর নেই। ফ্যাশন, মেকআপ বা নিজেকে উপস্থাপনের বিষয়েও তিনি তখন তেমন কিছু জানতেন না। সেই কারণে নিজেকেই বারবার দোষ দিতেন এবং মানসিক চাপ অনুভব করতেন। পরে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, অভিনয় ও আত্মবিশ্বাসই আসল শক্তি। এখন তিনি নতুনদের নিজের প্রতি ধৈর্য ধরার পরামর্শ দেন।
