৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী অনন্যা গুহ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডু। গত বছর আইনি বিয়ে সেরেছিলেন অনন্যা-সুকান্ত। নিজেদের ভ্লগের মাধ্যমে বিয়ের খুঁটিনাটি জিনিস ভাগ করে নিচ্ছেন তাঁরা। সোমবার সকালে গায়ে হলুদ হল অনন্যা ও সুকান্তর। অনন্যার বাড়িতেই একসঙ্গে দু'জনের গায়ে হলুদ আয়োজন করা হয়েছিল। হবু বর-কনেকে হলুদ মাখালেন তাঁদের বন্ধুরা। সুকান্তর পোস্ট করা ভ্লগে দেখা মিলল সায়ক ও শিবম-অন্বেষাদের যাঁদের দর্শক শিব-দুর্গা নামে চেনেন। দু'জনের গায়ে হলুদ একসঙ্গে হচ্ছে দেখে মিশ্র প্রতিক্রিয়া ভেসে এসেছে সমাজমাধ্যমে। যদিও এক্ষেত্রে ইতিবাচক মন্তব্যই বেশি। অনেকেই আবার বলছেন 'বাঙালি বিয়েতে অবাঙালি মতে গায়ে হলুদ!'

ক'দিন আগেই সুকান্ত এসেছেন তাঁর পৈতৃক বাড়ি মালদায়। সেখানে জোরকদমে চলছে বিয়ের কাজ। বাড়ি সেজে উঠেছে আলোয় আর আলপনায়। কিছুদিন আগেই সুকান্তর ভ্লগে দেখা গিয়েছিল তার বাড়ি সেজে উঠেছে বনগাঁর এক শিল্পীর আলপনায়। টানা দু'দিন ধরে সারা বাড়ি জুড়ে আলপনা দিয়েছেন টিনা দাস। সিঁড়ি থেকে শুরু করে বিয়ের মণ্ডপ পর্যন্ত আলপনায় সেজে উঠেছে, ঠিক যেন সাবেকি সাজ। সেই একইরকমভাবে সেজে উঠেছে অনন্যার বাড়িও। 

ইতিমধ্যেই সুকান্ত-অনন্যার বৃদ্ধি থেকে গায়ে হলুদের সাজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নজর কেড়েছেন বিয়ের একদিন আগে অনন্যার আলতা পরার নিয়মের ছবি, ভিডিও-ও। এবার তাঁদের বিয়ের সাজে দেখার জন্য অপেক্ষায় আছেন অনুরাগীরা।

টলিউড এবং সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম জনপ্রিয় জুটি অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু এখন খবরের শিরোনামে। দীর্ঘদিনের প্রেম আর মিষ্টি রসায়নের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা দম্পতি। ছোটপর্দার পরিচিত মুখ অনন্যা এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্তর এই বিয়েকে ঘিরে গত কয়েক মাস ধরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বসন্তের এই লগ্নেই সাতপাকে বাঁধা পড়ছেন তাঁরা।

বিয়ের তোড়জোড় ইতিমধ্যই তুঙ্গে। অনন্যার আইবুড়োভাত থেকে শুরু করে হবু কনের জন্য কেনাকাটা সবই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এর আগে বহু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, একদম সাবেকি বাঙালি রীতি মেনেই তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। লাল বেনারসি, চন্দনের সাজ আর ট্র্যাডিশনাল গয়নায় অনন্যাকে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর অগুনতি অনুরাগী। অন্যদিকে, সুকান্তও জীবনের এই নতুন ইনিংস শুরু করার জন্য দারুণ উৎসাহিত। তাঁদের দু'জনের কেমিস্ট্রি যেমন ভিডিওতে ধরা পড়ে, বাস্তবেও তাঁদের বন্ধন ঠিক ততটাই মজবুত। জানা যাচ্ছে, তাঁদের এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা।