আগামী ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী অনন্যা গুহ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডু। গত বছর আইনি বিয়ে সেরেছিলেন অনন্যা-সুকান্ত। ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। নিজেদের ভ্লগের মাধ্যমে বিয়ের খুঁটিনাটি জিনিস ভাগ করে নিচ্ছেন তাঁরা। ক'দিন আগেই সুকান্ত এসেছেন তাঁর পৈতৃক বাড়ি মালদায়। সেখানে জোরকদমে চলছে বিয়ের কাজ। বাড়ি সেজে উঠেছে আলোয় আর আলপনায়। সুকান্তর ভ্লগে দেখা যাচ্ছে তার বাড়ি সেজে উঠেছে বনগাঁর এক শিল্পীর আলপনায়। টানা দু'দিন ধরে সারা বাড়ি জুড়ে আলপনা দিয়েছেন টিনা দাস। সিঁড়ি থেকে শুরু করে বিয়ের মণ্ডপ পর্যন্ত আলপনায় সেজে উঠেছে, ঠিক যেন সাবেকি সাজ।
বাড়ির ছবি ভাগ করে সুকান্ত সমাজমাধ্যমে অনন্যাকে উদ্দেশ্য করে লেখেন, 'আমি যখন জন্ম নিয়ে এই বাড়িতে এসেছিলাম, সেদিনও মনে হয় এই বাড়ি এতটা সাজেনি… যতটা আজ তোর জন্য সেজেছে, অনন্যা। আজ এই বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা আলো, প্রতিটা হাসি যেন শুধু তোর অপেক্ষায়। তুই শুধু এই বাড়ির বউ হয়ে আসবিনা, তুই এই বাড়ির আনন্দ, ভালোবাসা আর নতুন শুরুর আলো হয়ে আসবি। স্বাগতম তোকে… আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)
টলিউড এবং সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম জনপ্রিয় জুটি অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু এখন খবরের শিরোনামে। দীর্ঘদিনের প্রেম আর মিষ্টি রসায়নের পর অবশেষে আগামী ৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা দম্পতি। ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্তর এই বিয়েকে ঘিরে গত কয়েক মাস ধরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বসন্তের এই লগ্নেই সাতপাকে বাঁধা পড়ছেন তাঁরা।
বিয়ের তোড়জোড় ইতিমধ্যই তুঙ্গে। অনন্যার আইবুড়োভাত থেকে শুরু করে হবু কনের জন্য কেনাকাটা সবই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এর আগে বহু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, একদম সাবেকি বাঙালি রীতি মেনেই তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। লাল বেনারসি, চন্দনের সাজ আর ট্র্যাডিশনাল গয়নায় অনন্যাকে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর অগুনতি অনুরাগী। অন্যদিকে, সুকান্তও জীবনের এই নতুন ইনিংস শুরু করার জন্য দারুণ উৎসাহিত। তাঁদের দু'জনের কেমিস্ট্রি যেমন ভিডিওতে ধরা পড়ে, বাস্তবেও তাঁদের বন্ধন ঠিক ততটাই মজবুত। জানা যাচ্ছে, তাঁদের এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা।
