সদ্যই শেষ হয়েছে 'আনন্দী' ধারাবাহিকের পথ চলা। আর তারপরই এদিন আবেগঘন একটি বার্তা শেয়ার করলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। কার জন্য লিখলেন মন খারাপ করা পোস্ট? তাঁরই এক সহকর্মী, মৈনাক ঢোলের জন্য।
টিআরপির লড়াই থাকে, নিজেকে সেরা প্রমাণ করার তাগিদও থাকে। কিন্তু এসবের মাঝে যখন সহকর্মীদের থেকে প্রশংসা আসে তখন আলাদা ভাল লাগা কাজ করে বইকি! ঠিক যেমন এদিন অন্বেষা লিখলেন মৈনাকের জন্য।
প্রসঙ্গত, মৈনাক ঢোলকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কনে দেখা আলো'তে দেখা যাচ্ছে। এখানে তিনি সুদেবের ভূমিকায় অভিনয় করছেন। অর্থাৎ লাজুর বর। লাজু বরকে ছেড়ে অনুভবের বাড়িতে থেকে পড়াশোনা করছে। ছুটিতে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসে অপমানিত হয়ে সুদেব। এই ধারাবাহিকে তাঁর অভিনয় দেখে মুগ্ধ অন্বেষা।
অন্বেষা এদিন মৈনাকের তারিফ করে সমাজমাধ্যমে লেখেন, 'মৈনাক ভাই আমরা ফেসবুকে কানেক্টেড নই… ভাই প্যাকআপের পর যখন বাড়ি ফিরি টিভি তে কোণে দেখা আলোর তখনও টেলিকাস্ট হয়…. ওরে তোর সিন দেখে তোকে দেখে তোর অভিনয় দেখে নিজেরই এতো কষ্ট হয় বিশ্বাস কর সিনটা নিজেরই পুরো করে দেখার আর ক্ষমতা হয় না…. সুদেবের চেনা লাজু যে একটা সময় তার কাছে আসবে বলে ছট ফট করতো তার এহেন আচরণের পরিবর্তন দেখে…. বার বার বার বার মেয়েটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে তাকে নানান প্রশ্ন করে, নানা ভাবে শুধু জানতে চাওয়া লাজু তুই আমায় ভালোবাসিস তো, আহা ভাই কী অসাধারণ রকমের স্বাভাবিক অভিনয়।' তিনি এদিন আরও লেখেন, 'আমি জানি এটা একটা সিরিয়াল… কিন্তু তোদের পরিস্থিতি দেখে আমিই টিভির ওপার থেকে বক বক করি… আমায় একজন সিনিয়র সেনসিবল অভিনেতা বলেছিলেন… ভালো খারাপ ব্যপার টা বড়ই আপেক্ষিক… তাই আমিও এক্ষেত্রে ভালো খারাপে গেলাম না.. আমি বলারই বা কে? কিন্তু ভাই ভাই তোকে দেখে আমি কাঁদি… তুই ভালো থাক ভাই, আর হ্যাঁ আমি লাজুসুদেবঅনুভববোনলতা -কে ভালবাসি (তোদের কাউকেই ঠিক আলাদা করতে পারলাম না)।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)
অন্বেষার এই পোস্টের সঙ্গে সহমত অনেক নেটিজেনরাই। তাঁরাও জানিয়েছেন সুদেবের অভিনয় দেখে তাঁদের চোখেও জল আসে। তবে অনুভবের সঙ্গেই লাজুকে যে মানায় সেই কথাও তাঁরা জানিয়েছেন।
'কনে দেখা আলো' প্রসঙ্গে কথা বলতে গেলে, এই ধারাবাহিকে এমন দুই জুটির কথা দেখানো হচ্ছে যাদের বিয়ে পর শ্বশুর বাড়ি যাওয়ার পথে বউ অদল বদল হয়ে যায়। যদিও বর্তমানে যে যার নিজের আসল স্বামীকে ফিরে পেয়েছে। কিন্তু এসবের মাঝে অনুভবকে মন দিয়ে ফেলেছে লাজু। অনুভবও তাই। আর অনুভবের স্ত্রী বনলতা অন্য পুরুষে আসক্ত। সবের মাঝে একা হয়ে গিয়েছে সুদেব। এই ধারাবাহিকে মুখ্য চার চরিত্রে সাইনা চট্টোপাধ্যায়, মৈনাক ঢোল, নন্দিনী দত্ত, সোমরাজ মাইতিকে দেখা যাচ্ছে। এই ধারাবাহিক জি বাংলার পর্দায় দেখা যায়। টিআরপিতে তেমন চমক না দেখাতে পারলেও দর্শকদের অত্যন্ত পছন্দের ধারাবাহিক যে এটি সেটা সকলের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়।
