আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন, ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
প্রয়াত আনন্দ সাগর চোপড়া
কিংবদন্তি নির্মাতা রামানন্দ সাগরের পুত্র আনন্দ রামানন্দ সাগর চোপড়া প্রয়াত। শুক্রবার ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ প্রায় ১০–১২ বছর ধরে অসুস্থ ছিলেন আনন্দ। জানা গিয়েছে, তিনি পারকিনসনস রোগে ভুগছিলেন।
শুক্রবার বিকেল ৪টে ৩০ মিনিটে মুম্বইয়ে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা আনন্দ রামানন্দ সাগর চোপড়া আর আমাদের মধ্যে নেই। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, বিকেল ৪টে ৩০ মিনিটে হিন্দু শ্মশান ভূমি (পবন হংস)-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁর আত্মার শান্তির জন্য আপনাদের প্রার্থনা ও আশীর্বাদ চাইছি।’
আনন্দ রামানন্দ সাগর চোপড়ার প্রয়াণে পরিবার-পরিজন এবং ঘনিষ্ঠ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অভিষেক
অভিষেক বচ্চন মুম্বইয়ের অভিজাত মহালক্ষ্মী এলাকায় অবস্থিত একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ১৪.৫ কোটি টাকায় বিক্রি করেছেন। জ্যাপকি-র মাধ্যমে প্রাপ্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি থেকে এই তথ্য জানা গিয়েছে।
ডুপ্লেক্সটির মোট কার্পেট এরিয়া ২,২৪৯ বর্গফুট। প্রতি বর্গফুটের মূল্য নির্ধারিত হয়েছে ৬৪,৪৭৩ টাকা। রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও। এই লেনদেনের জন্য ক্রেতাকে ৮৯.৭৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে।
বিয়ে নিয়ে অকপট ম্রুণাল
ম্রুণাল ঠাকুর জানিয়েছেন, তাঁর বিয়ে করাটা একেবারেই অসম্ভব নয়। তবে তার জন্য রয়েছে নির্দিষ্ট শর্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে সঠিক মানুষটির আগমনের অপেক্ষাতেই আছেন। সম্প্রতি ধনুষের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, তা খারিজ করার কয়েক দিনের মধ্যেই এই মন্তব্য করলেন ম্রুণাল।
ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে ম্রুণাল স্পষ্ট জানান, তিনি ভবিষ্যতে বিয়ে করতে চান। তাঁর কথায়, “হ্যাঁ, বিয়ে নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। তবে যেদিন সঠিক সময় আসবে এবং সঠিক মানুষটি আমার জীবনে আসবেন, সেদিন আমিই সবার আগে আমার সোশ্যাল মিডিয়ায় জানাব।”
নেটফ্লিক্সকে ‘না’ বিজয়-রশ্মিকার
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরকোন্ডাকে ঘিরে ফের জোর জল্পনা। ২০২৫ সালের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাঁদের আংটি বদল হয়েছিল। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এখনও পর্যন্ত যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রের দাবি, ২৬ ফেব্রুয়ারিই নাকি সেই বিশেষ দিন।
তেলুগু সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নাকি এই তারকা-দম্পতিকে তাঁদের বিয়ের একচেটিয়া স্ট্রিমিং স্বত্ব কেনার জন্য প্রায় ৬০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। উদ্দেশ্য ছিল, বিলাসবহুল ডেস্টিনেশন ওয়েডিংয়ের ঝলক দর্শকদের সামনে তুলে ধরা। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, রশ্মিকা ও বিজয় সেই প্রস্তাব নাকচ করেছেন।
