ভুল করলে তা স্বীকার করতে কখনও দ্বিধা করা উচিত নয়, বরং এই স্বীকারোক্তি একজন ব্যক্তির চরিত্র গঠন করে। এমনই বললেন অমিতাভ৷ ৮৩ বছর বয়সেও প্রতিদিন নিজের ভাবনা, অভিজ্ঞতা এবং জীবনের শিক্ষা নিয়ে আত্মমূল্যায়ন করেন অমিতাভ বচ্চন৷ অনুরাগীদের সঙ্গে সেই সব ভাবনা ভাগ করে নেন বলিউডের শাহেনশাহ। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ব্লগে অমিতাভ এমনই একটি কথা লিখেছেন, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মন জয় করেছে।
অমিতাভ তাঁর ব্লগে লেখেন, প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। মানুষ প্রতিদিন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয় এবং সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা অর্জন করে। তাঁর কথায়, শেখার কোনও শেষ নেই। জীবন যত এগোয়, ততই নতুন বিষয় সামনে আসে, আর সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই প্রকৃত উন্নতি।
তিনি আরও জানান, ভুল করে ফেললে তা অস্বীকার না করে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ একবার নিজের ভুল মেনে নিলে সেই ভুলের বোঝাও অনেকটাই হালকা হয়ে যায় এবং অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কেরও ইতি ঘটে। এমনকি কোনও বিতর্কে নিজের অবস্থান সঠিক বলে মনে হলেও, পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনে অন্য পক্ষকে 'তুমিই হয়তো ঠিক' বলতেও দ্বিধা করা উচিত নয়। এতে সম্পর্ক যেমন ভাল থাকে, তেমনই মানুষের ব্যক্তিত্বও আরও পরিণত হয়।
বিগ বি-র এই ইতিবাচক বার্তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল৷ অনুরাগীদের অনেকেই মনে করছেন, আজকের সময়ে অহংকার ও আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে অমিতাভ বচ্চনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অভিনয়ের পাশাপাশি নিয়মিত ব্লগ লেখার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন অমিতাভ। জীবনের ছোট-বড় অভিজ্ঞতা, কর্মজীবনের স্মৃতি এবং ব্যক্তিগত উপলব্ধি নিয়মিত তুলে ধরেন নিজের লেখায়। আর এবারও তাঁর সেই সহজ অথচ গভীর জীবনদর্শন বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।















