২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ মুক্তি পাওয়ার পর তারা সিং এবং সাকিনা জুটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আইকনিক হয়ে উঠেছিল। সানি দেওল এবং আমিশা প্যাটেলের সেই রসায়ন দর্শকদের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে, বাস্তব জীবনেও তারা আমিশাকে সাকিনা ছাড়া অন্য কিছু ভাবতে পারতেন না। এই জনপ্রিয়তা যে কী অদ্ভুত পরিস্থিতিতে ফেলেছিল আমিশাকে, তার একটি মজার ঘটনার কথা সম্প্রতি ফাঁস করলেন অভিনেত্রী।
গদর ছবির 'সাকিনা' এবং 'তারা সিং'য়ের প্রেমকাহিনী আজও দর্শকদের হৃদয়ে অমর। কিন্তু এই জনপ্রিয়তা যে একবার ছবির সেটে এক হাসিখুশি অথচ অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছিল, তা সম্প্রতি শেয়ার করলেন আমিশা প্যাটেল। ‘হামরাজ’ ছবির ক্লাইম্যাক্স শুট করার সময় ঘটেছিল সেই কাণ্ড!
কী হয়েছিল সেইদিন? এক সাক্ষাৎকারে আমিশা জানালেন, ২০০২ সালে ‘হামরাজ’ ছবির শুটিং চলছিল জয়পুর ফোর্টে। সেখানে ববি দেওল এবং অক্ষয় খান্নার সাথে একটি ক্লাইম্যাক্স দৃশ্য শুট করছিলেন তিনি। দৃশ্যের প্রয়োজনে ববি দেওলের আমিশাকে জড়িয়ে ধরার কথা ছিল। কিন্তু শুটিং দেখার জন্য জমায়েত হওয়া ভিড় হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে।
আমিশা বলেন, “জয়পুর ফোর্টে শুটিং চলছিল। পুলিশ এবং দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছিল। দৃশ্যের খাতিরে ববি যখন আমাকে জড়িয়ে ধরতে এল, তখন উপস্থিত জনতা চিৎকার করে উঠল— ‘ছেড়ে দাও! ও তো তারা সিংয়ের সম্পত্তি! ও তোমার ভাই (সানি দেওল)-এর সম্পত্তি। ও পাকিস্তান থেকে সাকিনাকে নিয়ে এসেছে, ওকে ছেড়ে দাও!’”
সেটে উপস্থিত দর্শকদের এই কাণ্ড দেখে আমিশা এবং ববি দেওল—দুজনেই অবাক হয়ে যান। একটি সিরিয়াস থ্রিলার ছবির ক্লাইম্যাক্স দৃশ্য তখন হাসির রোল পড়ে যায়। পরিচালকদের থেকে শুরু করে সেটের বাকি কলাকুশলী, সবাই হেসে কুটোপাটি!
পরিস্থিতি সামাল দিতে আমিশা তখন ববিকে মজার ছলে বললেন, “আমি এখন আর তোমাকে জড়িয়ে ধরব না। আমি তোমার ভাইয়ের সম্পত্তি, সেটা ভাল করে বুঝে নাও!” ববির সঙ্গে এই খুনসুটি আজও আমিশার কাছে এক মধুর স্মৃতি।
আমিশা বলেন, কোনও চরিত্র মানুষের মনে এত গভীরে গেঁথে যায় যে, রিল এবং রিয়েল লাইফের পার্থক্য করতে তারা ভুলে যায়। সাকিনা হিসেবে দর্শকদের ভালবাসা এতটাই বেশি ছিল যে, ববি দেওলের সঙ্গে তাঁকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখেও তারা মানতে পারছিলেন না। ‘হামরাজ’-এর মতো একটি সিরিয়াস সাইকোলজিক্যাল থ্রিলার ছবির সেটে এই ঘটনাটি আজও অভিনেত্রীর কাছে অন্যতম প্রিয় এক মুহূর্ত।















