আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
মাসুম শর্মাকে তলব হরিয়ানা মহিলা কমিশনের! কী ঘটিয়েছেন গায়ক?
হরিয়ানা মহিলা কমিশনের তরফে এদিন তলব করা হল হরিয়ানার জনপ্রিয় গায়ক মাসুম শর্মাকে। কিন্তু কেন? জানা গিয়েছে, চলতি মাসের গোড়ার দিকে দেরাদুনের একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন তিনি। এর আগে এই ঘটনার কারণে তাঁর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ জানানো হয়েছিল। এবার তলব এল মহিলা কমিশনের থেকে। এই ঘটনার পর মুখ খুলেছেন মাসুম। জানিয়েছেন তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে। লাগাতার হুমকি, চাপের কারণে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত বলেও জানান। সেই কারণেই তিনি এই অনুষ্ঠানের দিন মেজাজ ঠিক না রাখতে পেরে অমন আচরণ করে বসেন। গায়ক এদিন এও জানিয়েছেন যে তিনি মহিলা কমিশনের কাছে দুঃখপ্রকাশ করেছেন। তাঁদের তলবের জবাব দিয়েছেন। ২৯৬, ৩৫২, ৭৯, ৩৫১-৩ সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাবা হওয়ার পরই বিরাট ঘোষণা রাজকুমারের! কী জানালেন?
সদ্যই বাবা হয়েছেন রাজকুমার রাও। এদিকে শুরু হয়েছে তাঁর আগামী ছবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। এর মাঝেই এদিন একটি বড় ঘোষণা করলেন রাজকুমার রাও। জানালেন তিনি বছরে বড় জোর দুটো করে ছবি করবেন। তার বেশি নয়। রাজকুমার রাও এদিন একটি পডকাস্ট শোতে জানান তিনি যতটা সময় পান সবটাই তাঁর মেয়ে পার্বতীকে দেন। আগামীতেও দিতে চান। মেয়ে হওয়ার পর তিনি পাঁচ মাসের বিরতি নিয়েছিলেন। তারপর তিনি সৌরভের বায়োপিকের শুটিং শুরু করলেন। রাজকুমারের কথায়, 'পাঁচ মাস পর ওকে ছেড়ে বেরোনো এবং শুটিংয়ে ফেরা অদ্ভুত লাগছে। বিশ্বাস হচ্ছে না। আমি ওর সঙ্গে ২৪*৭ থাকতে চাই। ওকে ছেড়ে থাকা কঠিন। ওকে একজন পূর্ণবয়স্ক মেয়ে হিসেবে বেড়ে উঠতে দেখতে চাই।' অভিনেতা এদিন এও জানিয়ে দেন তিনি এতদিন বা আগে যত কাজ করছিলেন এখন তার তুলনায় কম কাজ করবেন। কোন ছবি করছেন না করছেন সেদিকে বিশেষ নজর রাখবেন।
জার্মান ভ্লগারের পোস্টে লাইক বিরাটের! কোহলির সমর্থনে কী বললেন আমিশা?
সম্প্রতি বিরাট কোহলির একটি লাইক নিয়ে হইচই শুরু হয়েছে। লিজলাজ নামক এক জার্মান সুন্দরীর ফটোতে রিঅ্যাক্ট করেছিলেন বিরাট কোহলি। সেই নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার এই বিষয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল। কাহো না পেয়ার হ্যায় অভিনেত্রী বলেন, ' লাইক করা পাপ নাকি? ওঁর ইনস্টাগ্রাম, ওর প্রোফাইল, ওঁর ইচ্ছে। মানুষ খালি ট্রোল করতে জানে। এর বাইরে ভাল কিছু করার ক্ষমতা নেই ওদের। কারও ভাল কাজকে লাইক করায় ভুল কোথায়? তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিরাট কোহলি প্রথমে লিজলাজের পোস্টে লাইক করলেও পরে সেটি সরিয়ে নেন। প্রসঙ্গত, এর আগেও একবার বিরাট কোহলির লাইক নিয়ে এরকম শোরগোল পড়েছিল। অভনীত কৌরের পোস্টে রিঅ্যাক্ট করার পর সমাজমাধ্যমে নানা রকমের চর্চা, জল্পনা দেখা গিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি হল।















