ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতার হিসাব নিয়ে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি কৌতুকশিল্পী জাকির খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে বলিউডে যে বিতর্কের ঝড় উঠেছে, তা এখন রীতিমতো উত্তপ্ত। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের পর জাকির খান দাবি করেছিলেন, বলিউডের বাকিরা এই সাফল্যে ‘ঈর্ষান্বিত’ বা ‘নিরাপত্তাহীনতা’য় ভোগেন। সেই মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন অভিনেত্রী আমিশা প্যাটেল।
জাকির খানের মন্তব্যের কড়া জবাব দিয়ে আমিশা স্পষ্ট ভাষায় বলেছেন, জাকিরের উপর তাঁর কোনও ব্যক্তিগত আক্রোশ নেই, কিন্তু জাকিরের এই বয়ান তিনি কোনওভাবেই মেনে নিতে পারছেন না। এক সাক্ষাৎকারে আমিশা বলেন, “বসে বসে সফল ব্যক্তিদের নিয়ে কথা বলা আর তাঁদের নিয়ে রসিকতা করা খুব সহজ। সাহস থাকলে আগে নিজে একজন ‘তারকা’ হয়ে দেখান! কিছু করে দেখান”
জাকির খান এক ফিল্মি পুরস্কার প্রদান মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, “সবারই কিন্তু ‘ধুরন্ধর’-এর ওপর জ্বলছে।” এই কথার প্রেক্ষিতে আমিশা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর প্রশ্ন, “তিনি এমন একটা কথা বললেন যে ইন্ডাস্ট্রি নাকি ঈর্ষায় জ্বলছে! আপনাকে কি কেউ ফোন করে বলেছে যে—‘ধুরন্ধর হিট হয়েছে, তাই আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি’? এই তথ্য তিনি পেলেন কোথায়?”
আমিশার মতে, ‘ধুরন্ধর’-এর সাফল্য বলিউডের জন্য কোনো ভয়ের কারণ নয়, বরং এক বিরাট অনুপ্রেরণা। তিনি জানান, রাম গোপাল ভার্মার মতো নির্মাতারাও এই ছবিটির প্রশংসা করেছেন। আমিশা বলেন, “প্রতিযোগিতা খারাপ কিছু নয়। বরং এই ধরনের ছবি ইন্ডাস্ট্রিকে আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে। আমরা চাই না অলস হয়ে বসে থাকতে। বরং এই সাফল্য আমাদের শেখাচ্ছে কীভাবে মানদণ্ড আরও উঁচুতে নিয়ে যেতে হয়।”
উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয়েছিল জাকির খানের সেই বক্তব্যের পর যেখানে তিনি বলেছিলেন, “কনগ্র্যাচুলেটরি পোস্ট যাই দিন না কেন, সত্যিটা হল ‘ধুরন্ধর’-এর জন্য সবার জ্বলেপুড়ে যাচ্ছে।” এর জবাবে আমিশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “দয়া করে নেগেটিভিটি ছড়ানো বন্ধ করুন।শাহরুখ, সালমান, সানি, অজয়—সবারই কেরিয়ারে মেগা হিটের অভাব নেই। আমরা ‘গদর’ ছবির মাধ্যমে যে ইতিহাস গড়েছি, তা ভবিষ্যতেও বজায় থাকবে।”
জাকির খানের কৌতুক আর আমিশা প্যাটেলের এই কড়া প্রতিবাদের লড়াই এখন নেটপাড়ার অন্যতম চর্চার বিষয়। শিল্পীরা কি সত্যিই ‘ঈর্ষান্বিত’, নাকি এটি কেবলই একটি ভুল ধারণা? বিতর্ক যেন থামছেই না!















