আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


ভক্তদের কোন বার্তা দিলেন ‘পুষ্পা’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তাঁর ভক্তদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ট্রোলিং, সমালোচনা এবং ভক্তদের মধ্যে আক্রমণাত্মক মন্তব্যের আবহ তৈরি হওয়ায় এবার সকলকে সংযত থাকার আবেদন জানিয়েছেন অভিনেতা। আল্লু জানিয়েছেন, ভক্তদের ভালবাসা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই ভালবাসা প্রকাশ করার সময় কাউকে অপমান করা বা খারাপ ভাষা ব্যবহার করা ঠিক নয়। অনলাইনে বা বাস্তব জীবনে কোনও ধরনের আক্রমণাত্মক আচরণ থেকে দূরে থাকার জন্য ভক্তদের অনুরোধ করেছেন তিনি। অভিনেতার বক্তব্য, তাঁর নাম ব্যবহার করে অনেক সময় কিছু মানুষ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে খারাপ মন্তব্য করেন। এতে শুধু অন্যদেরই কষ্ট হয় না, তাঁর ভক্তদের ভাবমূর্তিও নষ্ট হয়। তাই এমন কাজ থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি তেলুগু সিনেমার জগতে বিভিন্ন তারকার ভক্তদের মধ্যে ‘ফ্যান ওয়ার’ বা একে অপরকে আক্রমণ করার ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিজের প্রিয় অভিনেতাকে সমর্থন করতে গিয়ে অনেকেই অন্য অভিনেতা বা তাঁদের ভক্তদের নিয়ে কটু মন্তব্য করেন। এই ধরনের আচরণ পছন্দ নয় বলেই জানিয়েছেন ‘পুষ্পা’। 

কবে আসছে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার?

বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এবার এই ছবির ট্রেলার মুক্তির তারিখ সামনে এল। আগামী ৩০ জুলাই ভোরে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রামায়ণ’-এর ট্রেলার। ছবির প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, বিশেষ সময় বেছে নিয়ে ট্রেলার প্রকাশ করা হবে। ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোরের শুভ সময়ে ট্রেলার মুক্তি দেওয়া হবে। জানা যাচ্ছে, ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টা ১৫ মিনিটে ট্রেলার প্রকাশ করা হবে। এই ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। অন্যদিকে, রাবণের চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা যশ। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর গল্পকে বড় পর্দায় নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। নির্মাতারা জানিয়েছেন, শুধু ভারতের দর্শক নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও ছবিটিকে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁদের। ‘রামায়ণ’ ছবির ঘোষণা হওয়ার পর থেকেই এটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রণবীর কাপুরের রাম চরিত্রের লুক প্রকাশের পর ছবিটি নিয়ে আরও আলোচনা শুরু হয়। এবার ট্রেলার প্রকাশের খবরে অনুরাগীদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে।

ফের 'রানি ভারতী' হয়ে ফিরছেন হুমা কুরেশি?

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মহারানি’-র নতুন সিজন নিয়ে চলছে প্রস্তুতি। ‘মহারানি সিজন ৫’-এর শুটিং শুরু করেছেন হুমা কুরেশি। এই সিজনেও তাঁকে দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্র রানি ভারতী হিসেবে। সমাজমাধ্যমে একটি পোস্ট করে নতুন কাজ শুরুর খবর জানিয়েছেন অভিনেত্রী। তাঁর এই পোস্টের পর থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ‘মহারানি’-র আগের চারটি সিজন দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। তাই পঞ্চম সিজন নিয়েও প্রত্যাশা অনেক বেশি। আগের সিজনগুলিতে রানি ভারতীকে রাজনৈতিক লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব এবং নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে দেখা গিয়েছে। নিজের জায়গা তৈরি করতে তাঁকে বহু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। নতুন সিজনে রানি ভারতীর রাজনৈতিক যাত্রা আরও এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে। তবে নতুন গল্পে তাঁর জীবনে কী ধরনের পরিবর্তন আসবে, তা এখনও প্রকাশ করা হয়নি।