‘ধুরন্ধর’-এ পর্দা থেকে দর্শকহৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন অক্ষয় খান্না। দর্শকদের মতে, 'রেহমান ডাকাত’ শুধু নজর কাড়েননি, রণবীর সিংয়েও ছাপিয়ে গেছেন অন-স্ক্রিন উপস্থিতিতে। এমনকী আদিত্য ধর পরিচালিত এই ছবির বিপুল সাফল্যের পর যখন সর্বত্র আলোচনায় অক্ষয়, তখনও ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। নিরিবিলিতে শান্ত থেকেছেন বিনোদ খান্নার ছেলে। কিন্তু অক্ষয় নাকি আগে মোটেও এমনটা ছিলেন না। বরং শুটিংয়ে প্রায়ই মেজাজ হারাতেন অভিনেতা, সম্প্রতি এমনই দাবি করেন ফারাহ খান।
বলিউডের জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অক্ষয় খান্নাকে নিয়ে পুরনো একটি অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকে অভিনেতার সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি বেশ দ্বিধায় থাকতেন। কারণ তখন নাকি সেটে তাঁর আচরণ খুব একটা ভাল ছিল না।
ফারাহ খানের কথায়, শুটিংয়ের সময় অক্ষয় মাঝে-মধ্যে রেগে গিয়ে জিনিসপত্র ছুড়ে ফেলতেন এবং সহকর্মীদের সঙ্গে খুব একটা ভাল ব্যবহার করতেন না। সেই কারণেই শুরুতে তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন না তিনি। এমন আচরণের জন্য বলিউডে তাঁর সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণাও তৈরি হয়েছিল বলে জানান পরিচালক।
তবে ফারাহ আরও বলেন, সময়ের সঙ্গে অক্ষয় খান্নার আচরণে অনেক পরিবর্তন এসেছে। বিশেষ করে ২০০১ সালে মুক্তি পাওয়া 'দিল চাহতা হ্যা' ছবির সময় থেকেই তিনি অনেক বেশি শান্ত ও পেশাদার হয়ে ওঠেন। সেই সময়ের পর থেকে তাঁর মধ্যে ইতিবাচক বদল স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে বলে জানান কোরিওগ্রাফার
'ধুরন্ধর'-এ অক্ষয়ের সাফল্যে খুশি ফারাহ। তিনি প্রকাশ্যে অক্ষয় খান্নাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, সময়ের সঙ্গে মানুষ বদলায়, অক্ষয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। একসময় যাঁর আচরণ নিয়ে অভিযোগ ছিল, সেই অক্ষয় খান্নাই এখন নিজের অভিনয় এবং নতুন ইমেজ দিয়ে আবারও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
