করিশ্মা কাপুর ও তাঁর প্রাক্তন স্বামী, প্রয়াত কোটিপতি সঞ্জয় কাপুরের বিয়ের একটি পুরনো ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। এই ভিডিওর একটি বিশেষ মুহূর্ত এখন সবার নজর কেড়েছে, যেখানে দেখা যাচ্ছে করিশ্মা কাপুরকে শুভেচ্ছা জানাতে এসে অভিনেতা অক্ষয় খান্না বেশ মার্জিত ভঙ্গিতে তাঁর হাতে একটি চুমু খান।
ভিডিওটির শুরুতে দেখা যায়, রাহুল খান্না বর সঞ্জয় এবং কনে করিশ্মাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন। ঠিক তার পরেই তাঁর ভাই অক্ষয় খান্না এগিয়ে আসেন এবং করিশ্মার হাতে চুমু খেয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সাধারণ একটি মুহূর্ত হলেও এই ভিডিওটি নব্বইয়ের দশকের একটি পুরনো গুঞ্জনকে আবার নতুন করে উসকে দিয়েছে।
শোনা যায়, এক সময় অক্ষয় এবং করিশ্মার বিয়ের কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। নব্বইয়ের দশকের শেষের দিকে একসঙ্গে কাজ করার সময় তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ায়। অনেকেই বলেন, অজয় দেবগণের সঙ্গে বিচ্ছেদের পর বন্ধু অক্ষয়ের বেশ কাছাকাছি এসেছিলেন করিশ্মা। এমনকী তাঁদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে করিশ্মার বাবা রণধির কাপুর স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে বিনোদ খান্নার কাছে গিয়েছিলেন বলে শোনা যায়।
তবে শেষ পর্যন্ত এই সম্পর্ক পরিণতি পায়নি। গুঞ্জন, করিশ্মার মা ববিতা কাপুর সেই সময় এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। কারণ তখন করিশ্মা তাঁর কেরিয়ারের মধ্যগগনে ছিলেন এবং ববিতা চেয়েছিলেন মেয়ে নিজের কাজেই বেশি মন দিন। যদিও অক্ষয় বা করিশ্মা কেউই কোনওদিন এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি, তাই আসল সত্যিটা আজও ধোঁয়াশাতেই রয়ে গিয়েছে। তবুও এই পুরনো ভিডিওটি দেখে নেটিজেনরা অক্ষয়ের ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সম্প্রতি, অক্ষয় খান্নার ফ্যান ফলোয়িং আরও বেড়ে গিয়েছে। আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর'-এ 'রহমান ডাকাত'-এর চরিত্রে অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছে অক্ষয়ের অভিনয়।















