নয়ের দশকের বলিউড মানেই এক সোনালি কোলাজ, আর সেই কোলাজের সবচেয়ে ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটির নাম ছিল অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। ‘মোহরা’ ছবির (১৯৯৪)-র সেই বৃষ্টিভেজা আইকনিক গান ‘টিপ টিপ বর্ষা পানি’-র শরীরী জাদু হোক বা ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ (১৯৯৬)-র টানটান কেমিস্ট্রি— ওঁরদের রোম্যান্স রুপোলী পর্দা ছাড়িয়ে বাস্তবেও ঝড় তুলেছিল। পরবর্তীতে ‘পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি’ (২০০৪)-র পর দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে ওঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।

অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরিচালক আহমেদ খানের মেগা কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মাধ্যমে আবার পর্দায় ফিরছে এই ঐতিহাসিক জুটি। গত বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রবিনার সঙ্গে এত বছর পর কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ২৫ বছর পুরনো এক অবিশ্বাস্য সিক্রেট ফাঁস করলেন খিলাড়ি কুমার।

রবিনা ট্যান্ডনের ‘প্রফেশনালিজম’ বা কাজের প্রতি নিষ্ঠার ভূয়সী প্রশংসা করে অক্ষয় কুমার ওঁরদের কেরিয়ারের শুরুর দিকের একটি রোমাঞ্চকর ঘটনা মনে করিয়ে দেন। অক্ষয় বলেন, “রবিনার পেশাদারিত্ব বা কাজের প্রতি সততা একটুও বদলায়নি, ও আজও ঠিক আগের মতোই আছে। আমার স্পষ্ট মনে আছে, আমরা একবার একটা ছবির শুটিং করছিলাম যেখানে সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। আর মাত্র ২৫-৩০ মিনিট মতো আলো ছিল, অথচ ওঁর গ্রিন রুম বা মেকআপ ভ্যানটি ছিল সেট থেকে বেশ কিছুটা দূরে। ওই অল্প সময়ের মধ্যে ওঁর পক্ষে অত দূরে গিয়ে ড্রেস চেঞ্জ করে শটের জন্য ফিরে আসা একেবারে অসম্ভব ছিল।”

 

 

অক্ষয় আরও যোগ করেন, “কিন্তু আমি আজও অবাক হয়ে ভাবি, ও সময় নষ্ট না করে সেটের পাশেই দাঁড়িয়ে থাকা একটা ‘জেনারেটর ভ্যান’-এর ভেতর ঢুকে গেল! কোনও বায়নাক্কা না করে ওই অন্ধকারের মধ্যেই ঝটপট জামাকাপড় বদলে একদম তৈরি হয়ে শটের জন্য ফ্রেমে ফিরে এল। কাজের প্রতি ওঁর এই নিষ্ঠা সত্যিই অতুলনীয়।”

বিগত বছরগুলোতে একজন অভিনেত্রী হিসেবে রবিনা ট্যান্ডনের অসামান্য বিবর্তন ও ম্যাচিউরিটির প্রশংসা করার পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে রসিকতা করতেও ছাড়েননি অক্ষয়। মুচকি হেসে তিনি বলেন, “রবিনার মধ্যে অনেক বড় বড় ইতিবাচক পরিবর্তন এসেছে। ও একজন অসাধারণ ও তুখোড় অভিনেত্রী। তবে ওঁর জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা হল— ও আগে নিজে নায়িকা ছিল, আর এখন ও একজন নায়িকার মা (রবিনার মেয়ে রাশা ঠাদানি-র বলিউডে ডেবিউ-র দিকে ইঙ্গিত করে)!” অক্ষয়ের এই মন্তব্যে তখন অডিটোরিয়াম জুড়ে হাসির রোল ওঠে।

২০০৭ সালের মূল ‘ওয়েলকাম’ এবং ২০১৪ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬শে জুন, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ‘বাঘী ২’ এবং ‘বাঘী ৩’ খ্যাত পরিচালক আহমেদ খানের এই ছবিতে অক্ষয়-রবিনা ছাড়াও  সুনীল শেট্টি, আরশাদ ওয়ার্সি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, কিকু শার্দা এবং পপ-স্টার দালের মেহেন্দি-এর একঝাঁক তারকাকে একসঙ্গে দেখা যাবে।

পুরনো মান-অভিমান এবং অতীতের প্রেমের গুঞ্জন ভুলে অক্ষয়-রভিনার এই ম্যাজিকেল রিইউনিয়ন ২৬শে জুন বক্স অফিসে কতটা ধামাকা তৈরি করতে পারে, এখন সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন দর্শককুল।