প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চলচিত্র জগতে রয়েছেন অক্ষয় কুমার। নয় নয় করে করে ফেলেছেন ১৫০টিরও বেশি ছবি। তবে এবার কি তিনি অবসর নিতে চলেছেন? বেশ কিছুদিন ধরে বি-টাউনের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তবে সব জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। 

নিজের চেনা রসিকতা আর সোজাসাপ্টা ভঙ্গিতে অক্ষয় জানিয়ে দিলেন, এখনই কোনও অবসরের পরিকল্পনা নেই তাঁর। বরং যতদিন শরীরে প্রাণ আছে, ক্যামেরার সামনেই থাকবেন তিনি। মুম্বইয়ে অক্ষয়ের বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (ওয়েলকাম ৩)-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন ৫৮ বছর বয়সী অভিনেতা।

বলিউডের ‘খিলাড়ি’র নিয়মানুবর্তিতা নিয়ে চর্চা নতুন কিছু নয়। প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে ওঠেন তিনি। ট্রেলার লঞ্চের মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা হাসতে হাসতে স্বীকার করেন, অবসরের চিন্তা তাঁর মাথায় যে একেবারেই আসে না, তা নয়। তবে সেই চিন্তা স্থায়ী হয় বড়জোড় কয়েক সেকেন্ড! তিনি বলেন, “মাঝে মাঝে আমারও মনে হয় যে এবার অবসর নিয়ে নিই। প্রতিদিন ভোর ৪টের সময় যখন অ্যালার্মটা বাজে আর ঘুমটা ভাঙে, তখন বিছানায় শুয়ে শুয়ে এই চিন্তাটা মাথায় আসে। কিন্তু ঠিক ৫ সেকেন্ডের মধ্যেই আমার মনে পড়ে যে, আমার ছবির সেটে ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করে আছেন। তখন নিজের আলসেমি ঝেড়ে ফেলে বলি,‘আজ শুটিংটা করে নিই, অবসরের কথা না হয় কাল ভাবা যাবে।’ এই ‘কাল ভাবব’ করতে করতেই ইন্ডাস্ট্রিতে আমার ৩৬টা বছর কেটে গেল!”

কাজের জগত থেকে দূরে সরে গিয়ে ঘরে বসে থাকলে তাঁর কী হাল হতে পারে, তা নিয়ে খানিকটা মজা করেন অভিনেতা। তিনি জানান, বাইরে কাজ না থাকলে ঘরের সব কাজ তাঁর ঘাড়ে এসে পড়বে। অক্ষয়ের কথায়, "আমি যদি অবসর নিয়ে ঘরে বসে থাকি, তবে আমাকে দিয়ে কখনও ইলেকট্রিশিয়ানের কাজ করানো হবে, কখনও মালি বানিয়ে বাগানের যত্ন নিতে বলা হবে, আবার কখনও কুকুরের দেখভাল করতে হবে। তার চেয়ে ভাই সেটে গিয়ে শুটিং করা অনেক বেশি শান্তির!" 

পরিবারকে সময় দেওয়া প্রসঙ্গে অক্ষয় একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, একবার তিনি কাজ থেকে কিছুদিন ছুটি নিয়ে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাবেন। কিন্তু মাত্র একদিন পার হতেই তাঁর স্ত্রী টুইঙ্কেল খন্না এবং পরিবারের বাকিরা নাকি বিরক্ত হয়ে তাঁকে জিজ্ঞেস করতে শুরু করেন, "তুমি আবার কবে শুটিংয়ে ফিরছ?" অক্ষয় হাসতে হাসতে বুঝিয়ে দেন, তাঁর পরিবারও চায় না তিনি কাজ ছেড়ে বাড়িতে বসে থাকুন।

সবশেষে ‘রিটায়ারমেন্ট’ বা ‘অবসর’ শব্দটির ওপরেই নিজের তীব্র আপত্তি জানান অক্ষয়। তিনি মনে করেন এই শব্দটাই ভুল। অভিনেতার কথায়, একজন মানুষের তখনই অবসর নেওয়া উচিত যখন তাঁর মৃত্যুর আর মাত্র ৫ সেকেন্ড বাকি থাকবে। মৃত্যুর ঠিক আগে মানুষ বলবে, "ভাই, এবার আমি থামলাম, এবার আমি অবসর নিচ্ছি।"