রোহিত শেট্টির ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম ছবিতে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের এন্ট্রি নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে সিনেমা মহলে। এবার এই ছবিতে আক্কির পারিশ্রমিক নিয়ে সামনে এল এক চোখ কপালে ওঠার মতো তথ্য। মাত্র ১৮ থেকে ২২ দিনের শুটিংয়ের জন্য অক্ষয় কুমার পকেটে পুরছেন প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকা! যা এই ছবির মূল হিরো অজয় দেবগনের অগ্রিম বা ‘আপফ্রন্ট’ পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি।
খবর, ছবির ভেতরের এক সূত্র এই পারিশ্রমিকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর পেছনে একটি ব্যবসায়িক সমীকরণ রয়েছে। সূত্রটি জানায়, “অক্ষয় কুমার এই ছবির জন্য মাত্র ১৮-২২ দিন শুটিং করছেন এবং এর জন্য তিনি প্রায় ৩৫-৪০ কোটি টাকা পাচ্ছেন। এই অঙ্কটা অজয় দেবগনের অগ্রিম ফি-র চেয়ে বেশি হওয়ার কারণ হলো, অজয় এই ছবির সহ-প্রযোজক এবং তিনি লাভের অংশের পার্টনারশিপ বা ‘প্রফিট-শেয়ারিং’ চুক্তিতে কাজ করছেন। ফলে ওঁর আসল লভ্যাংশ ছবি মুক্তির পর আসবে।”
চলতি বছরের মার্চ মাসে নিজের ৫২তম জন্মদিনে রোহিত শেট্টি ‘গোলমাল ৫’ -এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। তখনই জানা গিয়েছিল, ছবিতে অক্ষয় কুমার একটি বড় ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে থাকছেন। সম্প্রতি সেট থেকে পরিচালক যে বিটিএস ভিডিও শেয়ার করেছেন, তাতে অক্ষয়ের একটি ‘ন্যাড়া মাথা’ বা সম্পূর্ণ টেকো লুক উন্মোচিত হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
গত ২৭ এপ্রিল অজয় দেবগন সোশ্যাল মিডিয়ায় জানান যে উটিতে ছবির নতুন শিডিউলের শুটিং শুরু হয়ে গিয়েছে। তিনি আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শরমন জোশি, শ্রেয়াস তালপাড়ে এবং কুণাল খেমুর একটি মজাদার ভিডিও মন্তাজও শেয়ার করেন।
এদিকে গত ১৪ মে পরিচালক রোহিত শেট্টি, আরশাদ ওয়ার্সি এবং শরমন জোশিকে সাথে নিয়ে ২০০৬ সালের প্রথম ‘গোলমাল: ফান আনলিমিটেড’ ছবির সেই আইকনিক রেসিং কারের দৃশ্যটি নতুন করে রিক্রিয়েট করে সোশ্যাল মিডিয়ায় নস্টালজিয়া উস্কে দিয়েছেন। ২০ বছর আগের সেই মজার গাড়ি চালানোর দৃশ্যের সাথে বর্তমানের লুক মিলিয়ে একটি ভিডিও পোস্ট করে রোহিত লিখেছেন, “স্মৃতির সরণি বেয়ে হাঁটা! প্রথম গোলমাল দেখার সময় আপনার বয়স কত ছিল? খুব শীঘ্রই আমরা সেই খুশির দিনগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছি।”
‘গোলমাল ৫’-এর পাশাপাশি অক্ষয় কুমার তাঁর আরও একটি ব্লকবাস্টার কমেডি ফ্র্যাঞ্চাইজির পরের পার্ট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ -এর কাজ নিয়েও ব্যস্ত। গত ১৩ মে তিনি জঙ্গল সেটআপের ভেতর স্যুট এবং সানগ্লাস পরা একটি রকিং ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন— “আসছে.. ওয়েলকাম টু দ্য জঙ্গল’”।
২০০৬ সালে শুরু হওয়া ‘গোলমাল’ সফর পেরিয়ে একে একে ‘গোলমাল রিটার্নস’ (২০০৮), ‘গোলমাল ৩’ (২০১০) এবং ‘গোলমাল এগেইন’ (২০১৭)-এর পর এবার পঞ্চম পার্টে অক্ষয় কুমারের এন্ট্রি যে বক্স অফিসে নতুন বিস্ফোরণ ঘটাবে, তা বলাই বাহুল্য।















