টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
এলিয়ান-থ্রিলারে অক্ষয়
বড়পর্দায় এবার আসতে চলেছে ভিনগ্রহী আতঙ্ক! আর এই নতুন রোমাঞ্চের হাত ধরেই দর্শকদের চমকে দিতে চলেছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। ছবির নাম রাখা হয়েছে ‘শামুক’। এটা ভারতের প্রথম বড় বাজেটের এলিয়েন থ্রিলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় নিজেই এই খবর নিশ্চিত করেছেন। অভিনেতা জানান, সায়েন্স-ফিকশন এবং এলিয়েন হররের এই মিশেল তাঁর নিজের কেরিয়ার তো বটেই, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসেও একদম নতুন একটি ঘরানা। ছবিটির চিত্রনাট্য শুনেই তিনি এতে অভিনয় করার সিদ্ধান্ত নেন। কনিষ্ক বর্মার পরিচালনায় এই ছবিটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ, আশিন শাহ এবং স্বয়ং অক্ষয় কুমার। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবার পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় ও বিপুল।
প্রেম করছেন নওমিকা-বেদাঙ্গ?
প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার নাতনি নওমিকা শরণ ইতিমধ্যেই তাঁর বড়পর্দার অভিষেকের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় একটি ছবিতে অভিনেতা বেদাঙ্গ রায়নার বিপরীতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে এই নতুন জুটিকে একসঙ্গে দেখা যেতেই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের পিভিআর জুহু থেকে বেরোনোর পর নওমিকা এবং বেদাঙ্গ একসঙ্গে লিফটের দিকে এগিয়ে যাচ্ছেন। আর সেই মুহূর্তেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। আচমকা ক্যামেরা দেখে লাজুক হাসিতে মুখ আড়াল করার চেষ্টা করছিলেন নওমিকা। অন্যদিকে, বেদাঙ্গকে বেশ সাবলীল দেখায়; তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন। নেটপাড়ায় এখন জোর চর্চা, খুশি কাপুরের বিচ্ছেদের পর নাকি নওমিকাকে মন দিয়েছেন বেদাঙ্গ।
বরুণের মা মৌনী?
সম্প্রতি মুক্তি পেল 'হায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবির ট্রেলার। মুক্তির পরপরই ছবির গল্প, অভিনয় এবং বিশেষ করে কাস্টিং বা চরিত্র নির্বাচন নিয়ে নেটপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। ট্রেলারটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, সবার নজর কেড়েছে ছবিতে মৌনি রায়ের ভূমিকা। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী ছবিটিতে বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে অভিনয় করছেন! মজার ব্যাপার হল, বাস্তবে বরুণ ধাওয়ানের বয়স ৩৯ বছর। অর্থাৎ প্রায় সমবয়সী একজন অভিনেতার মায়ের চরিত্রে মৌনিকে কাস্ট করায় সোশ্যাল মিডিয়ায় এটি এখন আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এই কমেডি-ড্রামা ঘরানার ছবিতে তাঁদের এই রসায়ন পর্দায় কেমন জমে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।















