আরও এক বছর বড় হলেন বলিউডের ‘ভিড়ু’ জ্যাকি শ্রফ। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়। সেই তালিকায় আলাদা করে নজর কেড়েছে অজয় দেবগণের মজাদার শুভেচ্ছাবার্তা। বন্ধুর জন্মদিনে একরাশ নস্ট্যালজিয়া আর খাঁটি ভিড়ু-স্টাইল হাস্যরস মিশিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন অজয়।

ইনস্টাগ্রাম স্টোরিতে জ্যাকি শ্রফের তরুণ বয়সের একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে অজয় লেখেন,“হ্যাপি বার্থডে, জ্যাকি দাদা! প্রয়োজনে পেঁয়াজ চৌকো করে কাটো কিন্তু কেকটা কিন্তু সোজাভাবে কাটবে” সঙ্গে জোড়েন একটি হাসি মুখের ইমোজি। ছবিতে দেখা যায়, তরুণ জ্যাকি শ্রফকে -রুক্ষ লুক, চেনা স্টাইল আর সেই চিরাচরিত আত্মবিশ্বাস।

উল্লেখ্য, ১৯৮২ সালে ‘স্বামী দাদা’ ছবিতে একেবারে ছোট্ট উপস্থিতির মাধ্যমে অভিনয়জগতে পা রাখলেও জ্যাকি শ্রফের ভাগ্য বদলে যায় সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ ছবির হাত ধরে। ছবিতে এক গ্যাংস্টারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকমহলে তুমুল প্রশংসা পায় এবং কার্যত রাতারাতি তিনি হয়ে ওঠেন তারকা।

এরপর আট ও নয়ের দশকে একের পর এক হিট ছবির মাধ্যমে বলিউডে নিজের শক্ত জায়গা পোক্ত করেন জ্যাকি শ্রফ। কর্মা’, কুদরত কা কানুন’, ত্রিদেব’, রাম লক্ষণ’, বর্ডার’, খলনায়ক’ -এই ছবিগুলো আজও বলিউডের জনপ্রিয় ক্লাসিকের তালিকায়। অভিনয় জীবনে একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি। ১৯৮৯ সালের ক্রাইম থ্রিলার ‘পরিন্দা’ ছবিতে কিষাণ চরিত্রে অভিনয়ের জন্য জ্যাকি শ্রফ জিতে নেন নানান পুরস্কার।

ব্যক্তিগত জীবনেও জ্যাকি শ্রফ ও তাঁর ছেলে টাইগার শ্রফের সম্পর্ক বরাবরই নজর কেড়েছে। বাবা-ছেলের স্নেহময় মুহূর্ত, পারিবারিক আড্ডা, কিংবা একসঙ্গে সময় কাটানোর ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্ত্রী আয়েশা ও মেয়ে কৃষ্ণা শ্রফকে নিয়ে এই পরিবার বলিউডের অন্যতম ঘনিষ্ঠ পরিবার হিসেবেই পরিচিত।

এদিকে, অন্য খবরেও চর্চায় অজয় দেবগণ। পরিচালক লভ রঞ্জন ইতিমধ্যেই তাঁর আগামী প্রজেক্ট নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যেখানে একদিকে ‘বধ ২’ মুক্তির অপেক্ষায় সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্ত অভিনীত সেই ছবি।  অন্যদিকে এক অ্যাকশন থ্রিলার ছবিও প্রযোজনা করছেন তিনি।এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগণ, সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।যদিও ছবির নাম এখনও চূড়ান্ত নয়, আপাতত প্রজেক্টটির ওয়ার্কিং টাইটেল রাখা হয়েছে ‘রেঞ্জার’। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে লভ রঞ্জন বলেন, “‘রেঞ্জার’ আসলে একটি সাময়িক নাম। সব সময়ের মতোই আমরা ঠিক নাম খুঁজে বের করার চেষ্টা করছি। মুক্তি এখনও ১১ মাস দূরে, আশা করছি তার মধ্যে নাম ঠিক হয়ে যাবে।”

">

তিনি আরও যোগ করেন,“গত ২৫ বছরে অজয় স্যার আর সঞ্জু স্যার একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত কোনও অ্যাকশন ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এবার প্রথমবার সেই সুযোগ আসছে, যা ভীষণই অন্যরকম।”

লভ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই ছবিটি পরিচালনা করবেন জগন শক্তি।