২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবের একদম শেষ দিকে রেড কার্পেটে ব্যাক টু ব্যাক দুদিন ধরা দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ২২ মে তিনি একটি নীল গাউনে রেড কার্পেটে হাঁটেন, এরপর ২৩ মে শনিবার সাদা পোশাকে ধরা দেন। আর সেদিনই তিনি রেড কার্পেট থেকেই উঠতি এবং নতুন প্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা। 

কান চলচ্চিত্র উৎসবে যখন ঐশ্বর্য রাইকে জিজ্ঞেস করা হয় নতুন প্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে কী বলবেন, তিনি হেসে বলেন, 'শিল্পী হিসেবে আমার আজও মনে হয় প্রতিদিন একটা নতুন দিন। এই ক্রিয়েটিভিটির সফরে, নিজেকে আবিষ্কারের সফরে তুমি হেঁটে চলেছ। তাই কোনও জায়গায় আপনার সামনে যদি মাইক ধরা হয় এবং কোনও পরামর্শ দিতে বলা হয় এটা দারুণ সম্মানের কারণ তুমি এখনও সেখানে কাজ করে চলেছ। এত ভালবাসা, সম্মান পাওয়ার কারণে আমি কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ এত প্রশংসার জন্য।' 

ঐশ্বর্য এদিন আরও বলেন, 'আমার মনে হয় শিল্পী জগৎ বলুন বা অন্য কিছু, যে জগৎকেই পেশা হিসেবে বেছে নিন না কেন সেই জগতে নিজেকেই নিজের জায়গা বানাতে হবে। তোমার অভিজ্ঞতাই তোমাকে সমৃদ্ধ করবে। নিজেই আবিষ্কার করবে যে তুমি কোন পথে হাঁটবে বা কোন সিদ্ধান্ত নিতে চাও। আগে থেকে তুমি বুঝবে না তোমার জন্য কোনটা কাজ করবে, কোনটা নয়।' 

রাই সুন্দরী নবাগতদের উদ্দেশ্যে বুদ্ধি দিয়ে বলেন, 'কোনও মজা, ম্যাজিক নেই এই আবিষ্কারের সফরে। কেবল টিকে থাকতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। শিল্পকে তুলে ধরতে হবে। তাই নিজে যা সেটা তুলে ধরুন। সৎ থাকুন। এই সফরের জন্য বাকি আর যা জরুরি প্রয়োজনীয়, সবটা নিজের জায়গা খুঁজে নেবে। কিন্তু জরুরি হল, এই সফরে টিকে থাকা। তোমার চারপাশে যা ঘটছে তা তুমি ভবিষ্যদ্বাণী করতে পারবে না, অথবা বর্তমানে বিশ্বের প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত, এখানে বেশিরভাগ কাজই উৎপাদিত হয়। মেকি হয়।'