বিমানবন্দরে মেয়ে আরাধ্যাকে সারপ্রাইজ দিতে গিয়ে ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চন। একদিকে যেমন এই মিষ্টি মুহূর্তটি নেটিজেনদের মন জয় করেছে, তেমনই দীর্ঘদিনের বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে স্বামী অভিষেক বচ্চনের সাথে বিয়ের ১৯তম বর্ষপূর্তি পালন করা নিয়ে ফের চর্চায় এই দম্পতি।
বলিউডের গ্ল্যামার কুইন ঐশ্বর্য রাই বচ্চন মানেই দর্শকদের বিশেষ আকর্ষণ। তবে সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে—একজন সাধারণ, যত্নশীল মা হিসেবে। বিদেশ থেকে গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে মুম্বই ফেরার পথে আরাধ্যাকে নিতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। আর সেই মুহূর্তই এখন ইন্টারনেটে ভাইরাল।
সাদা ওভারসাইজড শার্ট এবং নীল ডেনিমে ঐশ্বর্যকে বরাবরের মতোই মোহময়ী দেখাচ্ছিল। কিন্তু ভক্তদের নজর কাড়ল তাঁর মাতৃত্বের টান। বিমানবন্দরে অন্যান্য অভিভাবকদের মতোই দাঁড়িয়ে ছিলেন তিনি। আরাধ্যাকে দেখা মাত্রই মোবাইল বের করে মেয়ের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে শুরু করেন ঐশ্বর্য। মায়ের এই অপ্রত্যাশিত উপস্থিতি দেখে আরাধ্যার মুখে যে চওড়া হাসি ফুটেছিল, তাতেই হৃদয় গলেছে নেটপাড়ার।















