একসময় সলমন খান আর ঐশ্বর্যা রাইয়ের প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। কিন্তু 'হম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয়ের পরে আরও কখনও একসঙ্গে অভিনয় করেননি সলমন-ঐশ্বর্যা৷
কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকলেও একে অপরের সঙ্গে কথা বলেননি৷ এত বছর পরে সলমনের গানের সঙ্গে নাচলেন ঐশ্বর্যা৷ সঙ্গ দিলেন অভিষেক বচ্চন৷ নাচের সেই ভিডিয়ো এখন ভাইরাল।
সম্প্রতি মুকেশ আম্বানীর আত্মীয় মুদিত দানির সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিষেক-ঐশ্বর্যা৷ দুজনেই ঘন নীল রঙের পোশাক পরেছিলেন৷ সঙ্গীতের অনুষ্ঠানে মঞ্চে আম্বানী পরিবারের সঙ্গে 'সালাম-এ-ইশক' ছবির গানে নাচলেন অভিষেক-ঐশ্বর্যা।
যে সলমনের সঙ্গে মুখোমুখি হলে সৌজন্য বিনিময় পর্যন্ত হয় না ঐশ্বর্যার, সেই ঐশ্বর্যাই নাচছেন সলমনের গানে তাও আবার অভিষেকের সঙ্গে! এই নিয়েই সরগরম নেটদুনিয়া৷ কেউ কেউ বলছেন সলমনের সঙ্গে এত বছরের তিক্ততা কিছুটা হলেও ভুলতে পেরেছেন রাইসুন্দরী৷
প্রসঙ্গত, ঐশ্বর্যাকে শেষ ২০২৩ সালে অভিনয় করতে দেখা গিয়েছে 'পোন্নিয়ান সেলভান ২' ছবিতে৷ সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর থেকেই ঐশ্বর্যাকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। মাঝে কিছু বছর অভিনয় থেকে দূরে থাকলেও বচ্চন বাড়ির বৌমাকে নিয়ে অনুরাগীদের কৌতূহল কখনও কমে না
