রণবীর কাপুরের ‘রাম’ লুক নিয়ে যখন সারা দেশ উত্তাল, ঠিক তখনই নেটপাড়ায় শুরু হল এক নতুন ‘ভার্চুয়াল’ যুদ্ধ! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ টিজার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিং-এর এআই ‘রাম’ অবতার। ভক্তদের দাবি— রণবীর কাপুর তো ঠিক আছে, কিন্তু ‘রাম’ হিসেবে রণবীর সিং-কে কেমন লাগত?
বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর পুণ্যলগ্নে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। রণবীর কাপুরকে ‘রাম’ হিসেবে দেখে ভক্তদের মনে উত্তেজনার পারদ চড়লেও, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক অদ্ভুত সমান্তরাল ট্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজিতে তৈরি রণবীর সিং-এর ‘রাম’ অবতার এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ফেসবুক-ইনস্টাগ্রামে।
কেন এই তুলনা?
বর্তমানে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বক্স অফিস কাঁপানো রণবীর সিং-এর বহুমুখী অভিনয় ক্ষমতার ভক্ত সবাই। নেটিজেনদের একাংশের দাবি, রণবীর সিং-এর গায়ের রঙ এবং তাঁর চোখের ‘সারল্য ও তেজ’—উভয়ই রামের চরিত্রের সঙ্গে বেশি মানানসই। এক অনুরাগী লিখেছেন, "রণবীর সিং যে কোন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন। তাঁর মুখে যেমন পবিত্রতা আছে, তেমনই আছে যোদ্ধার মেজাজ।"
ভাইরাল হওয়া এআই ছবিগুলোতে রণবীর সিং-কে ধনুর্ধর রূপে দেখে অনেকেই মন্তব্য করেছেন, "ইনিই হতেন পারফেক্ট মর্যাদা পুরুষোত্তম।" আবার কেউ কেউ মনে করছেন, রাম হিসেবে না হলেও ‘রাবণ’ বা ‘ইন্দ্রজিৎ’ হিসেবে রণবীর সিং হতেন অপরাজেয়। তুলনার এই লড়াইয়ে উঠে এসেছে ভিকি কৌশল এবং হৃতিক রোশনের নামও। জনৈক ইউজার লিখেছেন, "হৃতিক ছাড়া রাম হিসেবে আর কাউকে ভাবাই যায় না!"
Ramayana : Ranveer as Lord Ram....
— Shikhar Sagar (@crazy__shikhu)
What's your take on this ....... pic.twitter.com/0PjhCUgmGrTweet by @crazy__shikhu
নিঃসন্দেহে নিতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট। ৪০০০ কোটি টাকার এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন যশ (রাবণ), সাই পল্লবী (সীতা) এবং সানি দেওল (হনুমান)। টিজারে পুষ্পক বিমানের ঝলক এবং রণবীরের শান্ত লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, রণবীর সিং-এর এই এআই লুক যেন বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছে।
২০২৬-এর দীপাবলিতে যখন রণবীর কাপুর বড় পর্দায় রাম হয়ে আসবেন, তখন কি তিনি পারবেন এই ‘ভার্চুয়াল’ তুলনাগুলোকে সরিয়ে দর্শকদের মন জয় করতে? উত্তর দেবে সময়। তবে আপাতত নেটদুনিয়ায় ‘রণবীর বনাম রণবীর’ দ্বৈরথ কিন্তু তুঙ্গে!
















