আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
আহান এবার আর রোমান্টিক নয়, আদ্যোপান্ত অ্যাকশন হিরো!
প্রথম ছবিতেই হইচই ফেলেছিলেন। 'সাইয়ারা' ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে আহান পাণ্ডের। এবার আসছে তাঁর দ্বিতীয় ছবি। তবে এখানে আর রোমান্টিক হিরো নন, বরং অ্যাকশন হিরো হিসেবে ধরা দেবেন। আলি আব্বাস জাফরের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ৩০ মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হবে। মুম্বইয়ে ২৭ দিনের শিডিউল আছে। তারপর আমেরিকায় ৬০ দিনের শুটিং হবে। মে মাসে শুরু হবে সেই শিডিউল। বর্তমানে এই ছবির ট্রেনিং চলছে।
ধর্মেন্দ্রর মৃত্যুর পর পরিবার নিয়ে মুখ খুললেন হেমা মালিনী
২০২৫ সালের শেষ দিকে না ফেরার দেশে পাড়ি দেন ধর্মেন্দ্র। তাঁর সম্মানে ৭৯ তম বাফতা অ্যাওয়ার্ডে গত রবিবার একটি বিভাগের আয়োজন করা হয়েছিল। ধর্মেন্দ্র প্রথম ভারতীয় অভিনেতা যাঁকে নিয়ে বাফটার মৃত্যু পরবর্তী একটি বিভাগ রাখা হয়েছিল এই বছর। তাঁর সঙ্গে ছিলেন রবার্ট ডুভাল, উদো কিয়ের, ভাল কিলমের, প্রমুখের মতো আন্তর্জাতিকমানের শিল্পীর সঙ্গে সম্মানিত হন ধর্মেন্দ্র। এই ঘটনার পর আবেগঘন হয়ে পড়েন হেমা মালিনী। তিনি বলেন, 'একটা খুব সুন্দর মুহূর্ত, উনি এটা ডিজার্ভ করেন। এটা কেবল আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য একটা বড় সম্মান। ওঁর মতো আর কেউ আসবে না। আমরা খুব খুশি এই বিষয়ে।' তিনি এদিন এও জানান যে তাঁদের পরিবারে কোনও নেতিবাচকতা নেই। অভিনেত্রীর মতে, তাঁর প্রয়াত স্বামী ছিলেন ভালবাসা, শক্তির উৎস। সেটাই এখনও বজায় আছে।
'আশেপাশে অনেক জম্বি ঘুরে বেড়াচ্ছে', কাকে কটাক্ষ করে পোস্ট করলেন কঙ্গনা?
সমাজমাধ্যমে ফের ইঙ্গিতবহ বার্তা কঙ্গনার। এদিন সাংসদ তথা অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন। সেখানেই তিনি কারও নাম না করে লেখেন, 'আমি সাধারণত জ্ঞান দিই না। কিন্তু আপনার। এটা পড়া দরকার। প্রথমত, আপনি যতই সফিক হন না কেন, আপনাকে আপগ্রেড করতেই হবে জীবনে। দেখুন আপনার আশেপাশে কারা বেশি স্মার্ট, এবং তাঁদের অ্যাডমায়ার করুন। তাঁদের সঙ্গ লাভ করুন। দ্বিতীয়ত, বাইরে থেকে সবাইকে নরমাল লাগে। কিন্তু ভিতর ভিতর জম্বি। আর এমন অনেকেই আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কোনও মেধা ছাড়াই। তাঁদের থেকে দূরে থাকুন। বন্ধু না থাকা কোনও লজ্জার নয়।' অভিনেত্রী এই পোস্টটি কাকে নিয়ে করেছেন সেটা স্পষ্ট নয় যদিও।

