বলিউডের একদম নতুন অথচ অত্যন্ত চর্চিত জুটি অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। নিজেদের প্রথম ছবি ‘সাইয়ারা’ -র হাত ধরে বক্স অফিসে এবং দর্শক মহলে রীতিমতো ঝড় তুলেছিলেন এই দুই নবাগত তারকা। আর তাঁদের এই সফল অভিষেকের নেপথ্যে যাঁর পরিচালনা কাজ করেছিল, তিনি হলেন বলিউডের ‘রোম্যান্স কিং’ খ্যাত পরিচালক মোহিত সুরি। 'সাইয়ারা' সাফল্যের ঝড় তুলেছিল বক্স অফিসে।
তারপর থেকেই অহন ও অনিতের প্রেমের গুঞ্জন শোনা যায় টিনসেল টাউনে কান পাতলেই। বিভিন্ন অনুষ্ঠান থেকে রাতপার্টিতে দু'জন ক্যামেরাবন্দি হন পাপারাজ্জিদের কাছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দু'জনের ম্যাচিং ট্যাটু। যা আরও বাড়িয়ে দিয়েছে দু'জনের প্রেমের গুঞ্জন। দেখা যাচ্ছে ঘাড়ের নীচে অহন ও অনিতের একইরকম ট্যাটু করা। এটা নিছক কাকতালীয় ঘটনা বলে মানতে নারাজ নেটিজেনরা। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা কেউই।

প্রসঙ্গত, ‘সাইয়ারা’র সেই ব্লকবাস্টার সাফল্যের রেশ কাটতে না কাটতেই সিনেপ্রেমীদের জন্য এসেছে এক মস্ত বড় সুখবর। ফের একবার বড়পর্দায় রোম্যান্স ফিরিয়ে আনতে চলেছে এই হিট ত্রয়ী। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মোহিত সুরি তাঁর পরবর্তী প্রেমের ছবির জন্য আবারও ভরসা রাখছেন অহন ও অনিতের উপর। আর ইতিমধ্যেই ছবিটির শুটিং শুরুর দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছে।
ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মোহিত সুরির এই আসন্ন রোমান্টিক ড্রামার শুটিং চলতি বছর অক্টোবর বা নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে।বর্তমানে এই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অহন ও অনিতের জুটিকে আরও একবার পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাঁদের অনুরাগীরা।
















