নিজস্ব সংবাদদাতা: মাঝে আর মাত্র দুদিন, ৯ মে সব জল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক করতে চলেছেন আদৃত-কৌশাম্বি। তবে তার আগেই কি মালা বদল ও আইনি বিয়ে সেরে ফেললেন এই বহু চর্চিত তারকা জুটি? 
প্রথম থেকে নিজেদেরকে খুব ভাল বন্ধু বলে দাবি করে এসেছেন আদৃত এবং কৌশাম্বী, নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি কখনওই। তবে জন্মদিনে কৌশাম্বী এবং মাকে নিয়ে ছবি পোস্ট করেন আদৃত, সেই সময়ই বুঝিয়ে দেন নিজেদের প্রেমের কথা। এরপর ৯ মে বিয়ের সুখবর জানায় তারকা জুটি। যদিও বিয়ে নিয়ে কোনও কথাই বলতে চাননি আদৃত। কিন্তু কৌশাম্বী জানিয়েছিলেন বাঙালি মতেই বিয়ে করছেন তারা। কিন্তু এর আগে কি আইনি বিয়ে সেরে ফেললেন আদৃত কৌশাম্বী? সোশ্যাল মিডিয়ায় বিশেষ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে গলায় মালা পরে এবং টোপর পরে দেখা যাচ্ছে নব দম্পতিকে । বিয়ের খবর হওয়ার পর থেকে এই প্রথমবার দুজনের একসঙ্গে ছবি শেয়ার করলেন। যদিও এদিন ঠিক কী হয়েছিল তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। অনেকেই ভাবছেন আসলে পরিবারের তরফ থেকে আইবুড়ো ভাত দেওয়া হয় এদিন, সেই কারণেই এমন সাজ। আবার অনেকের মতে আশীর্বাদ হয়তো হয়ে গেল এই দিন। তবে প্রথমবার এমন সাজে আদৃত এবং কৌশাম্বীকে দেখে দারুন খুশি তাঁদের অনুরাগীরা। মুহূর্তেই ভাইরাল হয়েছে ছবি। আদৃত পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি এবং কৌশাম্বী সেজেছিলেন হলুদ রঙের শাড়িতে। সাধারণ ঘরোয়া সাজেই নজর কেড়েছিলেন। সামনে রাখা ছিল স্পেশ্যাল কেক। এই আয়োজনই জল্পনা বাড়িয়েছে টলিপাড়ায়।