ভারতীয় সিনেমার ইতিহাসে এক অভাবনীয় রেকর্ড গড়তে চলেছেন পরিচালক আদিত্য ধর। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং তার সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে রীতিমতো সুনামি তুলেছে। ‘বাহুবলী ২’-এর ঐতিহাসিক রেকর্ড ভাঙার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রণবীরের এই ফ্র্যাঞ্চাইজি। তবে ছবির সাফল্যের মধ্যেই এবার সামনে এল এক বিস্ফোরক তথ্য—ছবির ‘মেকিং’ বা বিটিএস (বিহাইন্ড দ্য সিনস) ফুটেজ নিয়ে তৈরি একটি আস্ত ফিচার ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

 


পরিচালক আদিত্য ধর এবং রণবীর সিং জুটি যেন বক্স অফিসের সমস্ত গাণিতিক হিসাব উল্টে দিয়েছেন। ২০২৫-এ ‘ধুরন্ধর’ এবং ২০২৬-এ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—পরপর দুটি ছবি দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছেন তাঁরা। তবে সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার এক অভাবনীয় সিদ্ধান্তের কথা জানালেন নির্মাতারা। শোনা যাচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো কোনও ছবির ‘মেকিং’ বা বিটিএস ফুটেজ নিয়ে তৈরি একটি আস্ত ফিচার ফিল্ম মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে!


সাধারণত ছবির বিটিএস ফুটেজ বা শুটিংয়ের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় মুক্তি পায়। কিন্তু ‘ধুরন্ধর’ টিম ঠিক করেছে, তারা কোনও কিছুই আগেভাগে প্রকাশ্যে আনবে না। সমস্ত বিটিএস ফুটেজ, কাস্ট ইন্টারভিউ এবং শুটিংয়ের অভিজ্ঞতাকে একত্রিত করে একটি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম তৈরি করা হচ্ছে। যা ২০২৬ সালের শেষ তিন মাসের মধ্যে সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর এটি ওই একই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করবে যেখানে মূল ছবিটি দেখানো হচ্ছে।


ছবি মুক্তির পর থেকেই রণবীর সিং, অর্জুন রামপাল কিংবা পরিচালক আদিত্য ধর—কেউই কোনও সাক্ষাৎকার দেননি। এর নেপথ্যে রয়েছে একটি মাস্টারপ্ল্যান। একটি সূত্র অনুযায়ী, “ছবিটির সঙ্গে যুক্ত প্রধান তারকারা এখনও কোনও গণমাধ্যমের মুখোমুখি হননি কারণ তাঁদের প্রথম সাক্ষাৎকারটিএই বিটিএস ফিল্মেরই অংশ হতে চলেছে!” অর্থাৎ, দর্শকদের জন্য এটি হতে চলেছে এক বিরল অভিজ্ঞতা, যা এর আগে কোনো ভারতীয় ছবি করেনি।

‘ধুরন্ধর ২’ এখন বক্স অফিসে অপরাজেয়। ‘পুষ্পা ২: দ্য রুল’-কে অনায়াসে টপকে এটি বর্তমানে ভারতের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী ছবি। ৩৩ দিনে বিশ্বজুড়ে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৭৫৮.৯৬ কোটি টাকা। ‘বাহুবলী ২’-এর ১,৭৮৮ কোটি টাকার রেকর্ড ভাঙতে এখন প্রয়োজন মাত্র ৩০ কোটি টাকা। রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর. মাধবন, সারা অর্জুন এবং রাকেশ বেদীর এই মেগাব্লকবাস্টার ছবি যে নতুন নজির তৈরি করতে চলেছে, তা এখন সময়ের অপেক্ষা।

প্রেক্ষাগৃহে রণবীরের ‘মেকিং ফিল্ম’ দেখার অভিজ্ঞতা কেমন হতে চলেছে, তা নিয়ে এখন থেকেই দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে।