টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মৌনী-অর্জুনের সম্পর্ক
মৌনী রায় এবং অর্জুন বিজলানির সম্পর্ক নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অর্জুন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একটি ছেলে এবং একটি মেয়ের বন্ধুত্ব সব সময় প্রেমের দিকে গড়ায় না। দীর্ঘ ১৫ বছরের বন্ধু মৌনী বর্তমানে ব্যক্তিগত জীবনে কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় তাঁর মৌনীর পাশে দাঁড়ানোকে ঘিরে কিছু নেটিজেন ভিত্তিহীন প্রেমের গল্প ফাঁদছে বলে অভিযোগ তুলেছেন অর্জুন। অর্জুন জানান, বন্ধুর প্রয়োজনে পাশে থাকাটা কোনও প্রেমের ইঙ্গিত নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন।
কবে বিয়ে হুমা-রচিতের?
বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল অভিনেত্রী হুমা কুরেশি এবং রচিত সিং-এর সম্পর্কের গুঞ্জন। শোনা যাচ্ছিল, অক্টোবর মাসেই নাকি চার হাত এক হতে চলেছে তাঁদের। তবে এই জল্পনা যে একেবারেই ভিত্তিহীন, তা এবার স্পষ্ট করে দিলেন রচিত নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে রচিতকে যখন এই বিয়ের খবর নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তা উড়িয়ে দিয়েছেন। অভিনেতা হেসে বলেন, "আমি তো এসব খবর শুনে অবাক হচ্ছি। এগুলো পুরোটাই গুজব।" রচিত এখানেই থেমে থাকেননি, বরং রসিকতা করে আরও এক ধাপ এগিয়ে বলেন, "আমি ভাবছি আমার মায়ের নম্বরই দিয়ে দিই, উনিই এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।"
১৫ বছরের দাম্পত্যে ইতি
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আদিনাথ কোঠারে এবং উর্মিলা কানেতকর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতির মাধ্যমে এই বিচ্ছেদের খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। ইনস্টাগ্রামে নিজেদের পেজে এই খবরটি শেয়ার করেছেন তাঁরা। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই এই পথে হাঁটছেন বলে জানিয়েছেন দু'জনে। বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলেও, তাঁদের একমাত্র মেয়ে জিজাহ-র দায়িত্ব যৌথভাবে পালন করবেন বলে জানিয়েছেন আদিনাথ ও উর্মিলা।
















