হইচই-য়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আদালত ও একটি মেয়ে’। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজ এগিয়েছে জয়িতা নামে এক স্বাধীনচেতা নারীর গল্প নিয়ে। অফিসের পার্টি চলাকালীন কীভাবে ধর্ষণের শিকার হন জয়িতা এবং শেষমেশ তাঁর শারীরিক হেনস্থা করা মানুষটি সাজা পেল কি না তাই নিয়ে এগিয়েছে এই টানটান কোর্টরুম ড্রামা। তবে শুধুই কোর্টরুম ড্রামা বলে দেগে দেওয়া যাবে না এই সিরিজটিকে। একইসঙ্গে পুরুষতান্ত্রিক সমাজের রক্তচক্ষুর বিরুদ্ধে এক নারীর একক লড়াইয়ের গল্প শোনায় ‘আদালত ও একটি মেয়ে’। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন, বাসবদত্তা চট্টোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও ও সৌম্য বন্দ্যোপাধ্যায়ও স্বল্প পরিসরে নজর কেড়েছেন। এককথায় বাংলা ওটিটি প্ল্যাটফর্মের মাঠে এইমুহূর্তে বেশ দাপিয়ে খেলছে এই সিরিজটি। এহেন আবহেই খানিক সুর কাটল। সিরিজটি প্রশংসা কুড়োচ্ছে, ঠিক তখনই সমাজমাধ্যমে এক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিল।সমাজমাধ্যমে এই সিরিজ নিয়ে নিজের খারাপ লাগা তুলে ধরেছেন অভিনেতা দেবনাথ চ্যাটার্জি। সেই সঙ্গে আলতো খোঁচা-ও কি তিনি দিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে?
ফেসবুক পোস্টে নয়ন রহস্য ছবি খ্যাত অভিনেতা দেবনাথ জানালেন, সিরিজটির একটি চরিত্রের জন্য তিনি আগে অডিশন দিয়েছিলেন। সময় নিয়ে মন দিয়ে অডিশনের ক্লিপ তৈরি করে পাঠিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এমনকি অন্য একটি কাজের সময়সূচি বদলে সেই প্রকল্পের জন্য নিজের সময় ফাঁকাও রেখেছিলেন বলে তাঁর দাবি।
তবে শেষ পর্যন্ত তিনি আর সেই কাজটি করেননি। পোস্টে অভিনেতা জানান, সেই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ ছিল। যদিও সেই কারণগুলি বিস্তারিতভাবে প্রকাশ করেননি তিনি। বরং সিরিজটি মুক্তি পাওয়ার পর নিজের পুরনো অডিশন ক্লিপটি মুছে ফেলার আগে সমাজমাধ্যমে শেয়ার করার কথাই লিখেছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যে চরিত্রটির জন্য তিনি অডিশন দিয়েছিলেন, পরে সেই ভূমিকায় অভিনয় করেছেন তাঁরই এক প্রিয় সহকর্মী। এবং সেই অভিনেতা চরিত্রটি যথেষ্ট দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলেছেন বলেও তিনি স্বীকার করেন।
দেবনাথের এই পোস্ট প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে, তাঁর মন্তব্যে হয়তো আক্ষেপের সুর রয়েছে। আবার কেউ কেউ মনে করছেন, এটি শুধুই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।
দেবনাথের ওই অডিশন ভিডিও থেকেই স্পষ্ট ইঙ্গিত, কৌশিক সেন ভিনিত চরিত্রের জন্যেই তিনি সম্ভবত তিনি এই অডিশনের ভিডিওটি পাঠিয়েছিলেন। তবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বা সিরিজের নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে আপাতত সোশ্যাল মিডিয়ার আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে এই বিতর্ক।
এদিকে সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ কিন্তু কমেনি। বরং বিষয়বস্তু এবং অভিনয়ের জোরে ‘আদালত ও একটি মেয়ে’ এখন বাংলা ওটিটির অন্যতম আলোচিত কাজ হয়ে উঠেছে। আর সেই সাফল্যের মাঝেই এই নতুন পোস্ট যেন সিরিজটিকে ঘিরে আরও এক দফা আলোচনার জন্ম দিল।
