স্টার জলসার ধারাবাহিক 'বাবলি সুন্দরী'তে খল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জিকে। এর আগে তাঁকে স্টার জলসার ধারাবাহিক 'কথা'য় 'অর্না'র চরিত্রে দেখেছিলেন দর্শক। আর এবার এই ধারাবাহিকের খলনায়িকা হয়েছিলেন তিনি। মেগায় তাঁর চরিত্রের নাম লিজা। জানা যাচ্ছে, হঠাৎই 'বাবলি সুন্দরী' থেকে বাদ পড়ছে প্রিয়াঙ্কার চরিত্রটি।
কিন্তু কেন? ধারাবাহিকের মাঝপথেই কী কারণে শেষ হচ্ছে লিজার চরিত্রটা? তা যদিও জানা যায়নি। তবে টলিপাড়ার অন্দরের খবর, গল্প অনুযায়ী নাকি এখানেই প্রিয়াঙ্কার চরিত্রটির পথ চলা শেষ হওয়ার কথা ছিল। 'বাবলি সুন্দরী'তে যে তাঁকে আর দেখা যাবে না, সেই ইঙ্গিত দিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, বাবলি সুন্দরী ধারাবাহিক বর্তমানে বেশ জমে উঠেছে। ঘৃণা সরিয়ে ধীরে ধীরে স্ত্রীর প্রেমে পড়ছে বিনায়ক। ঘনিষ্ঠতা বাড়ছে দুজনের। এর মধ্যেই ঘোরতর বিপদ নেমে আসতে চলেছে তাদের জীবনে! গল্পে দেখা যাচ্ছে, বিনায়ক গুরুতর অসুস্থ। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। কোনও জ্ঞান নেই। গোটা পরিবার সেখানে উপস্থিত। এদিকে রথের দিন বলে, স্বামীর মঙ্গল কামনা চেয়ে পুজোয় বসে বাবলি। তাদের ছোট মেয়ে জানতে চায় রথ টানলেই তাদের বাবা সুস্থ হবে কিনা। তখনই জানা যায় ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আর আশা নেই বিনায়কের সুস্থ হওয়ার। এই কথা শুনে সেখানে ছুটে আসে বাবলি।
বিনায়ক শয্যাশায়ী, তবুও তাকে উদ্দেশ্য করে বাবলি বলে ওঠে মেয়েদের জন্য যেন বেঁচে ওঠে বিনায়ক। নইলে সে তার দুই মেয়ের ক্ষতি করে দেবে। বারবার এক কথা বলতে বলতে স্বামীর বুকে মাথা ঠেকিয়ে কেঁদে ফেলে নায়িকা। আর তখনই জগন্নাথ দেবের কৃপায় জ্ঞান ফেরে বিনায়কের। সে জড়িয়ে ধরে স্ত্রীকে। কিন্তু নায়কের কী হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে সবটা মিলিয়ে বাবলি এবং বিনায়ক যে কাছাকাছি আসছে বিপদের মধ্যে দিয়ে সেটা বেশ বোঝা যাচ্ছে। আর তাদের এই ঘনিষ্ঠতা দারুণ উপভোগ করছে দর্শকরা।
'বাবলি সুন্দরী' ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগতা স্নেহা গুড়িয়াকে। তাঁকে 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শো-এ দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। এছাড়াও কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। তবে নায়িকার চরিত্রে এই প্রথমবার দর্শক দেখছেন স্নেহাকে। তাঁর বিপরীতে 'বিনায়ক'-এর ভূমিকায় রয়েছেন অভিনেতা হানি বাফনা।
















