শনিবার রবীন্দ্রজয়ন্তীতে রচিত হল এক নতুন ইতিহাস। ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার ইতিহাসে এই প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে জনসভা আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এরাজ্যে গৈরিকীকরণের সাক্ষী থাকলেন টলিউডের বহু শিল্পীও। 

শপথগ্রহণের সাক্ষী থাকার আমন্ত্রণ গিয়েছিল বহু টলি তারকার কাছেই। দেখা গিয়েছিল বহু শিল্পীকে। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পরেই সমাজমাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী লাবনী সরকারের। 

তিনি লিখেছেন, 'আজ থেকে নতুন দিন শুরু হলো। কাল পর্যন্ত যেসব শিল্পীদের জন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা নিচু হয়ে গেছে তাদের কথা ভেবে, এই লাইনটি মনে এলো। পুনর্মুষিক ভব। ছি! লজ্জা!' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

টলিউড ইন্ডাস্ট্রিতে যে রাজনৈতিক রঙের খেলা চলেছে এতদিন তা নিয়ে আগেই সরব হয়েছেন অনেকে। এবার আর্টিস্ট ফোরামের একজন সদস্য হিসেবে দলবদলু শিল্পীদের নিয়ে মুখ খুললেন লাবনী সরকার। সমাজমাধ্যমে তাঁর পোস্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। একজন নেটিজেন অভিনেত্রীকে কটাক্ষ করে তাঁর স্বামী, অভিনেতা কৌশিক ব্যানার্জিকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি লাবনী সরকারের পোস্টে লেখেন, 'কৌশিকবাবুকেও মনে হয় দেখলা এবার দিদি প্রচারে।'

এর জবাবে কড়া বার্তা দিয়ে লাবনী লেখেন, 'একদম ঠিক দেখেছেন। কৌশিকবাবু একজন প্রফেশনাল আর্টিস্ট। যখন যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের ব্যানারের অধীনে পেশাদারিত্বের সঙ্গে তিনি উপস্থিত হতে পারেন; তিনি কেন যে কোনও প্রফেশনাল আর্টিস্ট হিসেবে উপস্থিত হতে পারেন। কারণ সেটাই তার পেশা।
তার সঙ্গে একটি দলের সদস্য হয়ে সেখানকার নানারকম পদাধিকারী হয়ে সেখান থেকে অ্যাডভান্টেজ নেওয়া, এই দুটোর মধ্যে যে আকাশ আর পাতালের তফাৎ আছে, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। আরেকটা কথা, আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ। আমি আমার কথা, আমার মন্তব্য, আমার যা কিছু মতাদর্শ, সেটা জানাব; সেটা আমার মতো হবে। পৃথিবীর আর কারওর মতো হবে না। সেখানে আমার সঙ্গে কাউকে গুলিয়ে ফেলবেন না, দয়া করে। ধন্যবাদ।'