রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুতে লীনা গাঙ্গুলি এবং ম্যাজিক মোমেন্টস-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ সেই সময় টলিউড অভিনেতা ভিভান ঘোষ, সমাজমাধ্যমে জাজিয়েছিলেন ম্যাজিক মোমেন্টস আর্টিস্টদের যে সম্মান দেয় তা অন্য কোথাও পাওয়া যায় না। 

সেইজন্যই কাজ বন্ধ হয়ে যাওয়ায় বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যাচ্ছে সেই নিয়েও তিনি একটি পোস্ট করেন। কটাক্ষ করা হয় ভিভানকে৷ 

রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিউড৷ রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে৷ সেই সঙ্গে উঠেছে সুরক্ষার দাবি। সুরক্ষার দাবিতে টলিউডে একদিনের কর্মবিরতি পালন করা হয়৷ 

কর্মবিরতি শেষে আর্টিস্ট ফোরাম ঠিক করে, যে দুটি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের সঙ্গে টলিউডের অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা কেউ কাজ করবেন না। 

এই প্রসঙ্গে ভিভান বলেন, "আজকে এই মুহূর্তে তো কাজ বন্ধ৷ আমরা সকলেই রাহুলদার মৃত্যুতে কষ্টে আছি৷ আমরা চাই যাঁর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তার শাস্তি হোক৷ তদন্ত হোক৷ টলিউডে স্ট্রাইক হয়েছিল৷ সব সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছিল৷ সেগুলো আবার শুরু হল। একটা সিরিয়ালে তো অনেক মানুষ কাজ করেন৷ প্রচুর মানুষের পেট চলে৷ হঠাৎ বন্ধ হয়ে গেলে অনেক মানুষ বেকার হয়ে পড়েন৷ কর্মসংস্থান চললে ভাল হত৷ বাকি তদন্ত তো তদন্তের পথে এগোবে।" 

সত্যিটা জানতে চান ভিভান৷ সেই সঙ্গে কাজটাও করতে চান৷ ভিভান বলেন, যাঁরা আমাকে চেনেন তাঁরা জানেন, আমি ব্যবসায়ী পরিবারের ছেলে। কিছুদিন কাজ বন্ধ থাকলে আমার বিশেষ অসুবিধা হবে না।  কিন্তু এমন অনেক মানুষ আছেন, যাঁরা আমাদের সঙ্গে কাজ করেন, তাঁদের এখন কাজ না থাকলে পরের মাসে কীভাবে সংসার চলবে তা জানে না।" 

ভিভান কি বিশেষ কারও পক্ষ নিয়ে কথা বলছেন? এর জন্য কি তিনি কোণঠাসা হতে পারেন? ভিভান বলেন, তদন্তে যা জানা যাবে, সেই মতো অপরাধীর শাস্তি হোক তিনিও চান। কিন্তু এরপরেও তিনি বারবার বলছেন কাজটা চললে ভাল হত৷