মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের কালো মেঘ এবার সরাসরি দেখল দুবাই। আর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরলেন দক্ষিণী অভিনেতা বিষ্ণু মাঞ্চু। বর্তমানে সপরিবারে দুবাইয়ে রয়েছেন তিনি। সেখানে থাকাকালীন রাতের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের ঝলকানি দেখে শিউরে উঠেছেন এই অভিনেতা। বিষ্ণু মাঞ্চু নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাগ করেছেন, যেখানে দেখা যাচ্ছে অন্ধকার আকাশে আতশবাজির মতো ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। 

অভিনেতা জানান, এই ভয়াবহ শব্দে তাঁদের পুরো বাড়ি কেঁপে ওঠে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, তাঁর ছোট্ট মেয়ে আরিয়া এই ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে বিষ্ণু লিখেছেন, "পরিবারের সঙ্গে আজ রাতে দুবাইয়ে আছি। আকাশে স্পষ্ট মিসাইল দেখা যাচ্ছে। ভয়াবহ শব্দে আমাদের ঘর থরথর করে কাঁপছিল, যা ছোট্ট আরিয়াকে ভীষণভাবে ভয় পাইয়ে দিয়েছে।" যুদ্ধের ভয়াবহতা শিশুদের ওপর কতটা মানসিক প্রভাব ফেলে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "পৃথিবীর কোনও শিশুরই যেন মাথার ওপর যুদ্ধের গর্জন শুনে বড় হতে না হয়। শান্তির জন্য প্রার্থনা করছি।"

?s=20

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আঁচ এখন আরব আমিরাতের মতো দেশগুলোতেও পৌঁছেছে। যদিও দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, তবুও বেসামরিক এলাকায় এমন দৃশ্য সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। বিষ্ণু মাঞ্চু দুবাইয়ের প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য। অভিনেতার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা। আটকে পড়েছেন বলি অভিনেত্রী সোনাল চৌহান ও অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।