নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে ‘উমা’ ছবিতে অভিনয় করেছিলেন সারা সেনগুপ্ত। ফের ৬ বছর পর শুটিং ফ্লোরে যিশু সেনগুপ্ত ও নীলঞ্জনার মেয়ে। এবার একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ সারা। 

সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বড় পর্দায় হাতেখড়ি হয়েছিল সারা সেনগুপ্তের। এবার বিজ্ঞাপনেও যিশু-নীলাঞ্জনার মেয়ের পাশে হাজির সেই পরিচালকই। প্রথম ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন খাদ যিশু। সম্পর্কের টানাপোড়নের মাঝে মায়ের মতো জীবন থমকে নেই সারারও।

পর্দার ছোট্ট ‘উমা’ এখন ১৮ ছুঁয়েছে। কয়েক বছর অভিনয় থেকে দূরে থাকলেও ইতিমধ্যে মডেল হিসেবে কাজ শুরু করেছেন সারা। মডেলিংয়ে তাঁর বরাবরই আগ্রহ ছিল।  কিছুদিন আগে একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের জন্য ফ্যাশন শো-এ হেঁটে সকলকে মুগ্ধ করেছেন টলিপাড়ার তারকা সন্তান।এবার বিজ্ঞাপনেও ডেবিই করলেন সারা। 

এবার আর পরিচালক হিসেবে নয়, প্রযোজক হিসেবে সারার পাশে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, পুজোর সময় বিদেশ থেকে আসা একটি মেয়ে তাঁর বন্ধুদের সঙ্গে আবার নতুন করে দেখা করছেন। এমন একটি চরিত্রই অভিনয় করতে দেখা গেল সারাকে। শুটিংয়ের সময় উপস্থিত ছিলেন মা নীলাঞ্জনা। 

নিজের প্রথম প্রযোজনা সংস্থার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নীলাঞ্জনা। নিজের প্রযোজনা সংস্থার কাজ সামলে মেয়ের জন্য যথেষ্ট সময় দেন তিনি। সম্পর্কের অলিগলিতে নানান উথাল পাতালের মধ্যে কেটেছে চলতি বছর। তবে আপাতত নীলাঞ্জনা এবং সারার এই নতুন শুরু দু’জনের জীবনেই খুশির হাওয়া বয়ে এনেছে। মেয়ের কাজ নিয়ে প্রায়ই নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেন। যদিও এখনও পর্যন্ত কোনও পোস্ট অথবা মন্তব্য করেননি যিশু সেনগুপ্ত।