আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
প্রয়াত চাক নরিস, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬
আমেরিকার জনপ্রিয় মার্শাল আর্টের শিল্পী তথা অভিনেতা চাক নরিস পাড়ি দিলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে চাক নরিসের। শুক্রবার তাঁর পরিবারের তরফে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মৃত্যুসংবাদ দেওয়া হয়। গত সপ্তাহেই তিনি তাঁর ৮৬ তম জন্মদিন পালন করেছেন। নিজেই পোস্ট করেছিলেন বক্সিংয়ের একটি ভিডিও। সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অসুস্থতার কারণে। কিন্তু শেষ রক্ষা হল না। হাওয়াই দ্বীপে তিনি বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন। তারপরই তাঁর মৃত্যু হয়। 'দ্য ওয়ে অফ ড্রাগন', 'দ্য রেকিং ক্রু', ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন।
ভিন ধর্মে বিয়ে, খুনের হুমকি পাচ্ছেন মহাকুম্ভের মোনালিসা!
লাভ জিহাদের শিকার হচ্ছেন মোনালিসা! মহাকুম্ভের সময় নজর কাড়েন তাঁর সৌন্দর্যের জন্য। রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন বনে যান। সেই সময়ই সমাজমাধ্যমের মাধ্যমে আলাপ হয় ফরমান খানের সঙ্গে। সেই আলাপ গড়ায় প্রেমে। আর এই প্রেমের টানেই সম্প্রতি বাড়ি ছেড়ে কেরলে পালিয়ে আসেন দু'জনে। সেখানেই বিয়ে করেন। এবার বিয়ের পরই তাঁরা লাভ জিহাদের শিকার হচ্ছেন বলে জানালেন। মোনালিসা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তিনি মুখ্যমন্ত্রী, কমিশনার এবং মিডিয়াকে উদ্দেশ্য করে বিষয়টায় হস্তক্ষেপ করার অনুরোধ জানান। জানান, তাঁরা খুনের হুমকি। পাচ্ছেন। মোনালিসা বলেন, 'আমাদের প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হচ্ছে।' ইতিমধ্যেই তাঁরা সাহায্য চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
আসতে চেয়েছিল বিয়েতে, অবশেষে ছোট্ট অনুরাগীর সঙ্গে দেখা করলেন রশ্মিকা-বিজয়!
বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়েতে আসতে চেয়েছিল তাঁদের এই ছোট্ট অনুরাগী। সেটা হয়নি। অবশেষে তার সঙ্গে দেখা করলেন এই তারকা যুগল। বিজয় এবং রশ্মিকা এই খুদে এবং তার পরিবারকে নিজেদের হায়দরাবাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। একটা গোটা দিন এই খুদের সঙ্গে কাটান তাঁরা। সেই দিনের কিছু ঝলক এই খুদে পোস্ট করেছে সমাজমাধ্যমে। এই ভিডিও দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরা। খুদেকে বিজয় এবং রশ্মিকাকে তার বন্ধু বলে ডাকতে দেখা যাচ্ছে। অনর্গল কথা বলতে থাকে সে। বলাই বাহুল্য, স্বপ্নে তারকাদের এতটা কাছে পেয়ে সে দারুণ খুশি।
