ভালবাসা, শ্রদ্ধা আর একে অপরের প্রতি ভরসার এক দারুণ উদাহরণ ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন। সম্প্রতি ১৯ বছর পার করলেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল। মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে বিবাহবার্ষিকীর একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা। এই বিশেষ দিনে এক সাক্ষাৎকারে নিজের ‘সোলমেট’ ঐশ্বর্যকে নিয়ে আবেগে ভাসলেন অভিষেক, আর ফাঁস করলেন দীর্ঘস্থায়ী দাম্পত্যের এক অদ্ভুত অথচ কার্যকর গোপন মন্ত্র!

 

 

বিয়ে ও সংসারের ১৯টি বছর। অনেকটা পথ পেরিয়ে এসেও একে অপরের প্রতি তাঁদের প্রেম আজও অম্লান। ‘ডেকান ক্রনিকল’-এ সুভাষ কে ঝা-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন খোলামেলা আলোচনা করলেন তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে। অভিষেক সাফ জানালেন, ঐশ্বর্য শুধু তাঁর সহধর্মিণী নন, আরাধ্যাকে সঠিক মূল্যবোধ দিয়ে গড়ে তোলার মূল কারিগর এবং তাঁর জীবনের ‘সোলমেট’।

দীর্ঘ দাম্পত্যের রহস্য কী? এই প্রশ্নের উত্তরে অভিষেক খুব মজার ছলেই একটি গোপন কৌশল ফাঁস করেছেন। তিনি বলেন, “রাতে ঘুমানোর আগে প্রতিদিন নিয়ম করে স্ত্রীর কাছে তিনবার ‘সরি’ বলুন, কোনও ভুল করা ছাড়াই!” হয়তো অভিষেকের এই রসবোধই তাঁদের দাম্পত্যের তিক্ততা কমিয়ে সম্পর্কের মাধুর্য ধরে রাখে। এছাড়াও, ১৯ বছরের বিবাহবার্ষিকীর পর অভিষেক নিজেই জানালেন, ২০তম বিবাহবার্ষিকীর জন্য তাঁর বড় পরিকল্পনা আছে। তবে কী সেই প্ল্যান? তা আপাতত গোপন রাখতেই পছন্দ করেছেন অভিনেতা।


২০০৭ সালের ২০ এপ্রিল রূপকথার গল্পের মতো বিয়ে হয়েছিল তাঁদের। তবে অভিষেকের কথায়, “আমাদের প্রথম দেখা ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির সেটে। তখন কিন্তু আমি মোটেও ভাবিনি যে ভবিষ্যতে ও আমার সোলমেট হবে।” তাঁদের প্রেমের প্রকৃত সূত্রপাত ঘটে জে পি দত্তের ‘উমরাও জান’ ছবির সেটে। এরপর মণি রত্নমের ‘গুরু’ ছবির শুটিংয়ের কিছু মাসের মধ্যেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মণি রত্নমকে আজও তাঁরা নিজেদের ‘গডফাদার’ বলে মানেন।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও অভিষেক এখন দারুণ ব্যস্ত। তাঁর হাতে এখন দুটি বড় প্রজেক্ট। 
১. রাজা শিবাজি: রিতেশ দেশমুখের পরিচালনায় ছত্রপতি শিবাজী মহারাজের ওপর নির্মিত এই ঐতিহাসিক অ্যাকশন ড্রামাটি ১ মে মুক্তি পেতে চলেছে। ছবিতে সঞ্জয় দত্ত, ভাগ্যশ্রী এবং ফরদিন খানের মতো তারকাদের পাশে অভিষেককেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
২. কিং: সিদ্ধার্থ আনন্দের এই বিগ বাজেটের ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অভিষেক। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলা এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।