টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বরুণ ধাওয়ানকে কটাক্ষ অভিজিতের

বলিউডে রিমেক সংস্কৃতির বিরুদ্ধে আবারও সুর চড়ালেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। এবার তাঁর নিশানায় অভিনেতা বরুণ ধাওয়ান এবং তাঁর নতুন ছবির গান। ১৯৯৯ সালের সুপারহিট ছবি ‘বিবি নম্বর ১’-এর আইকনিক গান ‘চুনরি চুনরি’র রিমেক নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাঙালি গায়ক। ডেভিড ধাওয়ানের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে এই গানটির নতুন সংস্করণ ‘চুনরি চুনরি: লেটস গো’ প্রকাশ করা হয়েছে। নতুন মিউজিক ভিডিওতে কোমর দুলিয়েছেন বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। গানটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নেটিজেনদের একাংশ যেমন সমালোচনা করছেন, তেমনই শুরু হয়েছে বিতর্কও। এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্য স্পষ্ট জানান, গানটি নতুন করে তৈরি করার আগে প্রযোজক বা নির্মাতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করার প্রয়োজনই মনে করেননি। বরুণ ধাওয়ানের কড়া সমালোচনা করে তিনি বলেন, "এই অভিনেতা বরাবরই 'সেকেন্ড হ্যান্ড' বা পুরোনো ছবি ও গান রিমেক করে কাজ চালিয়ে আসছেন, বিশেষ করে যখন তাঁর বাবা (ডেভিড ধাওয়ান) মূল ছবিগুলো পরিচালনা করেছিলেন। কিন্তু এই গান গেয়ে বরুণ ধাওয়ান কখনওই সলমন খান হতে পারবেন না। সলমন আর বরুণের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে।" রিমেক সংস্করণটির মান নিয়ে প্রশ্ন তুলে তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, "একটা দুর্দান্ত রোমান্টিক ড্যান্স ট্র্যাককে এরা এখন যেন একটা 'ভজন' বানিয়ে ফেলেছে।"

'জব উই মেট'-এর সিক্যুয়েল নিয়ে কী জানালেন ইমতিয়াজ আলি?

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং রোমান্টিক কাল্ট ক্লাসিক ছবি ‘জব উই মেট’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান অভিনীত আদিত্য ও গীতের এই প্রেমকাহিনি আজও দর্শক হৃদয়ে টাটকা। দীর্ঘদিন ধরেই এই ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘জব উই মেট ২’ নিয়ে নানা জল্পনা চলছে বলিপাড়ায়। এবার ছবির পরিচালক ইমতিয়াজ আলি নিজেই সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্য কোনও পরিচালক যদি এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চান, তবে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। তবে একইসঙ্গে তিনি এও পরিষ্কার করে দিয়েছেন যে, তিনি নিজে এই ছবির সিক্যুয়েল লেখার বা পরিচালনার দায়িত্ব নেবেন না। ইমতিয়াজেরমতে, কোনওছবির সিক্যুয়েল তখনই হওয়া উচিত যখন তার পেছনে কোনও জোরালো বা নতুন গল্প থাকে। শুধু প্রথম ছবির বাণিজ্যিক সাফল্যকে ক্যাশ-ইন করার জন্য সিক্যুয়েল বানানো উচিত নয়। তিনি বলেন, "আমি ‘জব উই মেট’-এর পার্ট ২ লিখতে চাই না, কারণ আমার মনে হয় আদিত্য এবং গীতের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানেই তা নিখুঁত ছিল। নতুন করে জোর করে কোনো গল্প টেনে আনার ইচ্ছে আমার নেই।"

রণবীর সিং সরতেই নতুন 'ডন' কে হবেন?

ফারহান আখতারের মেগা ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং তার জেরে ফেডারেশনের ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করা নিয়ে এই মুহূর্তে উত্তাল বলিউড। প্রায় ৪৫ কোটি টাকার প্রি-প্রোডাকশন ক্ষতির মুখে পড়ে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট যখন আইনি পথে হাঁটার কথা ভাবছে, তখনই বড় প্রশ্ন দেখা দিয়েছে, রণবীর সিংয়ের জায়গায় এবার ‘ডন’ হিসেবে কাকে দেখা যাবে? বলিপাড়ার অন্দরের গুঞ্জন, এই আইকনিক চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন হৃতিক রোশন। ‘ধুম ২’ এবং ‘ওয়ার’-এর মতো অ্যাকশন ছবিতে হৃতিকের অভিনয় এবং তাঁর বিশাল ফ্যান বেসের কথা মাথায় রেখে নির্মাতারা নাকি তাঁর নাম গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। উল্লেখ্য, এর আগে ‘ডন ২’ ছবিতে শাহরুখ খানের একটি ছদ্মবেশের দৃশ্যে হৃতিককে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই ফ্র্যাঞ্চাইজির গল্পে তাঁকে নতুন ডন হিসেবে আনা সহজ হতে পারে বলে মনে করছেন দর্শকরাও। যদিও ‘ডন ৩’ ছবির জন্য এখনও প্রস্তাব পাননি বলে স্পষ্ট জানিয়েছেন হৃত্বিক। সবমিলিয়ে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের হাত ধরে ‘ডন’ চরিত্রটি যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে নতুন কোনও তারকাকে বেছে নেওয়া ফারহান আখতারের টিমের জন্য বড় চ্যালেঞ্জ।