বলিউডে তিনি শুধু তারকা নন, অনেকের কাছেই তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’। কাজের প্রতি নিখুঁত মনোভাবই আমির খানকে আলাদা করেছে বারবার। তবে এবার নিজের কেরিয়ারে বড়সড় এক বদলের ইঙ্গিত দিলেন অভিনেতা। ‘তাঁর অভিনীত লাল সিং চাড্ডা’ (২০২২) ছবির ব্যর্থতার পর প্রায় তিন বছরের বিরতি নিয়ে ‘সিতারে জমিন পর’ (২০২৫) ছবিতে কাজ করেছিলেন আমির। আর এবার জানালেন, এখন থেকে তিনি নিজেকে বেশি গুরুত্ব দিতে চান একজন অভিনেতা হিসেবেই, প্রযোজক হিসেবে নয়।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে আমির প্রকাশ করেছেন, তিনি তাঁর প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস -এর দৈনন্দিন দায়িত্ব থেকে সরে আসছেন। সংস্থার নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অপর্ণা পুরোহিত। এ প্রসঙ্গে আমির জানান,“আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমির খান প্রোডাকশন্স পরিচালনা করবেন অপর্ণা। তিনি যোগ দেওয়ার আগেই যে ছবিগুলো সবুজ সংকেত পেয়েছিল, সেগুলো ২০২৬ সালে মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ‘হ্যাপি প্যাটেল’, ‘এক দিন’ এবং ‘লাহোর ১৯৪৭’।”
প্রযোজক হিসেবে অতিরিক্ত দায়িত্ব কীভাবে তাঁর অভিনেতা সত্তাকে প্রভাবিত করছিল, সে কথাও অকপটে স্বীকার করেন আমির। তিনি বলেন,“প্রয়োজনে অবশ্যই আমি আমার প্রযোজনা সংস্থার সব বিষয়ে থাকব ঠিকই, কিন্তু আমি চাই অপর্ণা স্বাধীনভাবে আমির খান প্রোডাকশনস চালান। এখন বিভিন্ন গল্প পড়ছি, ভাবছি পরের ছবিটা কী করব।” আমির আরও যোগ করেন,“একসঙ্গে প্রযোজনা আর অভিনয় করলে অভিনয়ের জন্য সময় কমে যায়। নিজের জন্য সেই সময়টা আর দেওয়া যায় না। গত কয়েক বছর ধরে আমাকে দু'টো দিক সামলাতে হয়েছে। এখন আমি শুধু একজন অভিনেতা হিসেবে নিজেকেই ফোকাস করতে চাই।”
কাজের দিক থেকে সম্প্রতি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে আমিরকে। ছবিটির প্রযোজকও ছিলেন তিনি। ভীর দাস অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে খুব বড় সাফল্য পায়নি।আগামী দিনে প্রযোজক হিসেবে আমিরের পরের ছবি ‘এক দিন’, যেখানে অভিনয় করছেন তাঁর ছেলে জুনায়েদ খান ও সাই পল্লবী। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে এবং দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
অভিনেতা হিসেবে, শোনা যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত এক বায়োপিকে দাদাসাহেব ফালকের চরিত্রে দেখা যেতে পারে আমির খানকে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। পাশাপাশি, বহুদিনের স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’ নিয়েও কাজ শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে, দীর্ঘ বিরতির পর আমির খানের কেরিয়ারে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়, যেখানে প্রযোজক নয়, মঞ্চের আলোটা ফের পড়বে অভিনেতা আমিরের ওপরই।
