আমির খানের প্রযোজনায় 'এক দিন'-এ জুটি বেঁধেছেন জুনেইদ খান ও সাঁই পল্লবী। ১ মে মুক্তি পাবে এই ছবি। ছবি মুক্তির আগে সমাজমাধ্যমে স্মৃতির পাতা হাতড়ালেন 'মিস্টার পারফেকশনিস্ট'।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাগ করা একটি ভিডিওতে আমির তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একদিনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। আসলে এই ছবির মূল ভাবনা হল, মাত্র একটা দিন কীভাবে মানুষের গোটা জীবনের গতিপথ বদলে দিতে পারে। সেই থিমের সঙ্গেই নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন আমির।
আমির তাঁর কেরিয়ারের শুরুর দিকের একটি গল্প শুনিয়ে জানান, একটি নাটকের জন্য তিনি জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন এবং সেটা নিয়ে তিনি খুবই আশাবাদী ছিলেন। কিন্তু তখন মহারাষ্ট্রে কোনও এক রাজনৈতিক দল বনধ্ ডেকেছিল। তাই আমিরের মা তাঁকে বাড়ি থেকে বেরোতে দেননি। ফলে শেষ মুহূর্তে তিনি সেই নাটকটি করার সুযোগ হারান।
পরে যদিও আমির রিহার্সালের জন্য গিয়েছিলেন, কিন্তু পরিচালক তাঁকে বের করে দিয়েছিলেন। সেই সময় ঘটনাটি তাঁর কাছে মস্ত বড় এক ব্যর্থতা মনে হলেও, পরবর্তীকালে দেখা যায় ওই দিনটিই ছিল তাঁর জীবনের আসল টার্নিং পয়েন্ট। ওই সুযোগটি হাতছাড়া হওয়ার ফলেই শেষ পর্যন্ত তাঁর কাছে প্রথম বড়পর্দায় কাজের সুযোগ এসেছিল।
অতীতের সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে আমির এই বার্তাই দিয়েছেন যে, জীবনের অপ্রত্যাশিত বাধা বা ধাক্কাগুলো আসলে অনেক সময় নতুন কোনও সুযোগের ইঙ্গিত দেয়। একটি মাত্র দিন যে মানুষের গোটা জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে, তাঁর নতুন ছবিতে সেই বিশ্বাসটাই ফুটে উঠেছে।
প্রসঙ্গত, মুম্বইয়ের কর্পোরেট অফিস থেকে জাপানের মনোরম রাস্তা, এক অদ্ভুত অসুখ আর অটুট ভালবাসার গল্প নিয়ে হাজির হয়েছে ‘এক দিন’-এর ট্রেলার। আমির খানের পুত্র জুনেইদ খান এবং দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর এই ছবি যে বলিউডে হারিয়ে যাওয়া রোম্যান্সের ঘরানাকে আবারও ফিরিয়ে আনবে, তার ইঙ্গিত মিলল ট্রেলারেই।
ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, জুনেইদ একজন লাজুক ও শান্ত স্বভাবের যুবক, যে একই অফিসে কর্মরত প্রাণচঞ্চল সাই পল্লবীকে মনে মনে ভালবাসে। কিন্তু মনের কথা বলার সাহস তাঁর নেই। গল্পের মোড় ঘোরে জাপানে গিয়ে। সেখানে এক দুর্ঘটনায় সাই ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া’ নামক এক বিরল স্মৃতিভ্রমের শিকার হন। অদ্ভুতভাবে, তিনি শুধু জুনেইদকেই চিনতে পারেন, কারণ জুনায়েদই তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন। এই জটিল পরিস্থিতি কীভাবে একটি গভীর প্রেমের রূপ নেবে, তা নিয়েই এগোবে ছবির গল্প। ‘এক দিন’ ছবির মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন আমির খান এবং পরিচালক-প্রযোজক মনসুর খান। ‘কয়ামত সে কয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকান্দার’ বা ‘জানে তু ইয়া জানে না’-র মতো কালজয়ী ছবি উপহার দেওয়া এই জুটি আবারও রোমান্টিক ঘরানায় ফেরায় সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে।
















