সম্প্রতি তড়িঘড়ি সলমন খানের বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যায় তাঁর অবস্থা বেশ গুরুতর। গত ১৭ ফেব্রুয়ারি মাইনর ব্রেন হ্যামারেজ হওয়ায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যেই বলিউডের একাংশ তাঁকে দেখতে হাসপাতালে এসেছে। এবার সলমন খানের বাবাকে নিয়ে কোন আপডেট দিলেন আমির খান?
আমির খান, সঞ্জয় দত্ত, প্রমুখ সম্প্রতি সেলিম খানকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তারপরই সংবাদমাধ্যমকে জানালেন বর্তমানে কেমন আছেন বর্ষীয়ান চিত্রনাট্যকার। একটি ইভেন্টে তিনি সেলিন খানের স্বাস্থ্য প্রসঙ্গে বলে তিনি হাসপাতালে গেলেও সেলিম খানের সঙ্গে সোজাসুজি দেখা করেননি। বরং পরিবারের সঙ্গে সময় কাটান। বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' বলেন, 'আমি সেলিম খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা সবাই প্রার্থনা করছি, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যান। উনি আইসিইউতে ছিলেন, তাই ওঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করতে পারিনি। পরিবারের সঙ্গে দেখা করি।'
আমির খান এদিন এও জানান, সেলিম খানের মেয়ে আলভিরা তাঁকে জানিয়েছেন যে ভাইজানের বাবার স্বাস্থ্য আগের থেকে ভাল আছে। ইমপ্রুভ করছে। আমির খানের কথায়, 'আমরা সবাই প্রার্থনা করছি উনি যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মুম্বইয়ের সংবাদসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরই সেখানে তড়িঘড়ি সলমন খানকে পৌঁছতে দেখা যায়। ছিলেন বর্ষীয়ান চিত্রনাট্যকারের মেয়ে আলভিরা খান অগ্নিহোত্রী, জামাই আয়ুশ শর্মা (অর্পিতা খানের স্বামী), প্রমুখ। আলভিরার স্বামী অতুল অগ্নিহোত্রীও এসেছিলেন হাসপাতালে।
২০২৫ সালের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দিলেন সেলিম খান। তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর তিনি লেখালিখির দিকে সরে এলে বড় ব্রেক পান। জাভেদ আখতারের সঙ্গে হাত মিলিয়ে ১৯৭০ এবং ৮০ এর দশকে একাধিক কালজয়ী উপহার দিয়েছেন সেলিম খান। সেই তালিকায় রয়েছে 'জঞ্জির', 'দিওয়ার', 'ডন', ইত্যাদির মতো ছবি। এছাড়াও 'আঙ্গারে', 'নাম', 'কব্জা', 'জুর্ম', ইত্যাদি ছবিতে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। সেলিম খান প্রথম সালমা খানকে বিয়ে করেন। তাঁদেরই তিন সন্তান হলেন সলমন খান, আরবাজ খান, সোহেল খান এবং আলভিরা অগ্নিহোত্রী। ১৯৮১ সালে সেলিম খান জনপ্রিয় অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন। পরবর্তীতে তাঁরা দত্তক নেন অর্পিতা খানকে।
