বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নিজের ব্যক্তিগত জীবনকে সবসময়ই লাইমলাইট এবং মিডিয়ার ক্যামেরার আড়ালে রাখতেই ভালবাসেন। তবে এবার ওঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেই এল এক মস্ত বড় এবং চমকপ্রদ সুখবর! বিটাউনের জোর গুঞ্জন, দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর সঙ্গে খুব শীঘ্রই নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা। সব ঠিকঠাক থাকলে আগামী ৫ জুলাই, ২০২৬ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা।

বেশ কিছুদিন ডেট করার পর নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন এই জুটি। এ বার বলিপাড়ার অলিতে-গলিতে জোর খবর, আগামী মাস অর্থাৎ জুলাইয়ে এই হাই-ভোল্টেজ বিয়ে সম্পন্ন হতে চলেছে, যা ঘিরে এই মুহূর্তে রূপোলি দুনিয়ায় আনন্দের হাওয়া।

 

 

আমির খান এবং গৌরী স্প্র্যাট নিজেদের সম্পর্ককে বরাবরই খুব লো-কি অর্থাৎ আড়ালে রাখতে পছন্দ করেন। যদিও বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন জায়গায়, অনুষ্ঠানে মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। জোর খবর, শিল্প-সংস্কৃতির প্রতি অগাধ ভালবাসা, নানান সমাজসেবামূলক কাজকর্ম এবং দেশ-বিদেশ ভ্রমণের  শখ থেকেই দু'জনের মন দেওয়া-নেওয়ার পর্ব শুরু হয়।

প্রথম প্রথম নিজেদের সম্পর্ককে গোপন রাখলেও, বেশ কয়েকটি হাই-প্রোফাইল পাবলিক ইভেন্ট এবং অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন তাঁরা। তখনই অনুরাগীরা আন্দাজ করেছিলেন যে আমির ও গৌরীর রসায়ন বেশ গভীর। এবং তা ‘ফ্লাইং’ নয় কোনওভাবেই। অবশেষে সম্পর্কের সেই বন্ধুত্ব ও প্রেমকে একধাপ এগিয়ে নিয়ে আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

 

আমির খানের বিয়ের এই খবরটি সামনে আসতেই বলিউড মহলে তুমুল চর্চা শুরু হয়ে গেছে। এর আগে রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর অভিনেতা একা জীবনই কাটাচ্ছিলেন। তবে গৌরীর ওঁর জীবনে আসার পর আমিরকে প্রায়শই বেশ হাসিখুশি দেখা গিয়েছে।

তবে আমির অথবা গৌরীর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত বিয়ের ভেন্যু বা অতিথিদের নামের তালিকা নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আমিরের চেনা মেজাজ অনুযায়ী অত্যন্ত রাজকীয় অথচ ঘনিষ্ঠ বৃত্তেই সারবেন এই বিয়ে। আগামী জুলাই মাসেই বলিউডের একঝাঁক তারকার সমাবেশ ঘটতে চলেছে এই হাই-প্রোফাইল বিয়েতে, তা বলাই বাহুল্য।