বলিউড ছবির নায়ক ও নায়িকাদের বয়সের পার্থক্য নিয়ে সবসময়ই দর্শকের মধ্যে চর্চা চলতেই থাকে। সম্প্রতি ৫৮ বছরের অক্ষয় কুমারের বিপরীতে ৩২ বছরের ওয়ামিকা গাব্বিকে দেখা গিয়েছে 'ভূত বাংলা' ছবিতে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি নাম। ৬১ বছরের আমির খান ও ৩৯ বছরের শ্রদ্ধা কাপুর।

বলিউডের অন্দরের খবর, 'ভারত-পে' সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে তৈরি ছবিতে অভিনয় করবেন আমির খান। আর তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যেতে পারে শ্রদ্ধাকে। একটি ঘনিষ্ঠ সূত্র এই বিষয়ে বলেছেন, "শুরু থেকেই ঠিক ছিল যে শ্রদ্ধাই এই চরিত্রে অভিনয় করবেন। ছবির চিত্রনাট্য তৈরির প্রতিটি ধাপ তিনি খুব কাছ থেকে দেখেছেন।"

এই ছবিটি পরিচালনা ও প্রযোজনা করার কথা রয়েছে শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদীর। তাই খবরটি সত্যি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আমির আর শ্রদ্ধার মধ্যে ২২ বছরের বয়সের তফাত নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে।

যদিও এই ছবির ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে শোনা গিয়েছিল আমির খান লোকেশ কণগরাজ অথবা রাজকুমার হিরানির ছবিতে কাজ করবেন, কিন্তু সেসব নিয়েও এখনও পাকাপাকি কিছু জানানো হয়নি।

অন্যদিকে, শ্রদ্ধার হাতেও রয়েছে একগুচ্ছ কাজ। লক্ষণ উতেকরের পরিচালনায় 'ইথা'য় দেখা যাবে অভিনেত্রীকে।‌ জানা যাচ্ছে, সেই ছবিতে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে শ্রদ্ধাকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নির্মাতারা।