আমির খান বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, পরে কিরণ রাওকে বিয়ে এবং তাঁদের বিচ্ছেদ, আর বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক—জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি নিয়ে তিনি কখনওই ভক্তদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখেননি।

সম্প্রতি নিজের জীবনের এক কঠিন সময়ের কথা প্রকাশ্যে এনেছেন বলিউডের এই সুপারস্টার। তিনি জানান, প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে, মদের প্রতি আসক্ত হয়ে পড়েন। এমনও সময় ছিল, যখন এক রাতেই একটি পুরো মদের বোতল শেষ করে ফেলতেন।

আমির খান বলেন, "রীনার সঙ্গে বিচ্ছেদের আগে আমি একেবারেই মদ খেতাম না। যেদিন রীনা সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, সেদিন প্রথমবার আমি একা হয়ে পড়ি। সেই মুহূর্তে নিজের আবেগকে সামলাতে পারিনি। তার আগে আমি কখনও মদ্যপান করতাম না। সিনেমার দু-একটি দৃশ্যের প্রয়োজনে সামান্য মদ খেয়েছিলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে অ্যালকোহলের সঙ্গে আমার কোনও সম্পর্কই ছিল না।"

তিনি আরও বলেন, "বাড়িতে অতিথিদের জন্য কিছু মদ রাখা ছিল। আমি সেখান থেকেই পান করা শুরু করি। এরপর প্রায় দেড় বছর ধরে প্রায় প্রতি রাতেই একটি করে বোতল শেষ করতাম। একজন সম্পূর্ণ মদ্যপান না করা মানুষ থেকে প্রতিদিন একটি বোতল মদ শেষ করা—এটা সত্যিই বীভৎস পরিবর্তন ছিল।"

উল্লেখ্য, মাত্র ২১ বছর বয়সে, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন আমির খান। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে তিনি কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

রীনা দত্তের সঙ্গে আমিরের দুই সন্তান—ইরা খান এবং জুনায়েদ খান। অন্যদিকে, কিরণ রাওয়ের সঙ্গে তাঁর একমাত্র ছেলে আজাদ। এদিকে, ২০২৫ সালের ১৪ মার্চ, নিজের ৬০তম জন্মদিনের আগের দিন প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন আমির৷ ৫ জুলাই ২০২৬ ঘরোয়া অনুষ্ঠানে গৌরীকে বিয়ে করলেন আমির খান৷