তারকাদের কাছে অটোগ্রাফ, সেলফি বা একটুখানি হাসি হয়তো সাধারণ ঘটনা। কিন্তু ভক্তদের কাছে সেই মুহূর্তই হয়ে ওঠে জীবনের সেরা স্মৃতি। এমনই এক হৃদয়স্পর্শী গল্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে, যেখানে এক ভক্তের ২৫ বছরের অপেক্ষা অবশেষে পূর্ণ হয়েছে তাঁর প্রিয় তারকার সঙ্গে দেখা করে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী শ্রুতিকা কুরুন্ডে তাঁর বাবা প্রকাশ কুরুন্ডের একটি মন কেমন করা গল্প শেয়ার করেন। জানান, প্রকাশের কাছে জন আব্রাহামের প্রতি ভালবাসা কোনওদিনই ফিকে হয়নি, বরং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে।
শ্রুতিকার পোস্ট করা রিলটির শুরুতেই দেখা যায় এক টুকরো কাগজের উপর জন আব্রাহামের একটি পুরনো অটোগ্রাফ, যা ২০০১ সালে পাওয়া। তখন স্মার্টফোন ছিল না, ছবি তোলার সুযোগও কম। তাই সেই অটোগ্রাফই ছিল একমাত্র স্মারক। প্রকাশ সেটিকে যত্ন করে নিজের মানিব্যাগে রেখে দেন এবং বছরের পর বছর তা বহন করেন, এই বিশ্বাসে যে একদিন আবার দেখা হবে তাঁর প্রিয় অভিনেতার সঙ্গে।

অবশেষে সেই দিন এল। ভিডিওর পরের অংশেই দেখা যায়, জন আব্রাহামের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন প্রকাশ। হাতে সেই একই অটোগ্রাফ। এবার অবশ্য স্মৃতিটা বন্দি হয়েছে ছবিতে। পোস্টের শেষে শ্রুতিকা লিখেছেন, “স্বপ্নরা কোনওদিন চিরকাল স্বপ্ন থাকে না। ”
আর ক্যাপশনে যোগ করেছেন, “কারণ তিনি বিশ্বাস করতেন আবার দেখা হবেই।”
