আজকাল ওয়েবডেস্ক: রাজ্যপাটে পালাবদল ঘটছেই। প্রবল আশাবাদী গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে অতি-আত্মবিশ্বাসী রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দলের নেতা, কর্মীদের বড় বার্তা দিলেন। ভোট পরবর্তী হিংসায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বদলা নয়, বদল চাই। ২০১১ সালে রাজ্যে পালাবদবদলের পর বলেছিলেন মমতা ব্যানার্জি। যা রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচনার বিষয়। এবার তৃণমূল নেত্রীর সেই মনোভাবকেই অনুসরণ করলেন শমীক।
২০২১ সালে বাংলায় ভোট পরবর্তী হিংসা হয়েছিল। সেই ক্ষত মনে করে ভোট পরবর্তী হিংসা বন্ধের আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাতি। শমীক ভট্টাচার্য বলেছেন, "২০১৬ সালের পর থেকে যা হয়ে আসছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই চাইব। কোনওরকম আক্রমণের পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই আবেদন করছি। যদি কোন হিংসার ঘটনা ঘটে থাকে তাহলে নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ও ভোট পরবর্তী হিংসার যে ঘটনা ঘটেছে বিজেপি কর্মীদের পরিবার সেই ঘটনার শিকার। যাতে অন্য কোনও পরিবারের সেরকম না হয় সেটাই আমরা চাই। সকলের কাছে একটাই আবেদন, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে কিন্তু হিংসা নয় কোনওভাবেই।"
পাশাপাশি ভোট গণনার কয়েক ঘন্টা আগে শমীকের হুঁশিয়ারি, "সব জায়গায় বাহিনী থাকবে, বিজেপির এজেন্টরা থাকবে, ২০২১ সালের পুনরাবৃত্তি হবে না। মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, জনাদেশ লুঠ হবে না। মানুষের জনাদেশকে যাতে লুঠ করা যায়, তার জন্য মানুষেরই দেওয়া কড়ের টাকা নিয়ে যাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছেন। আদালত তাঁদের জবাব দিয়েছে। ভবিষ্যতেও মানুষ তাঁদের জবাব দেবে। জনবিরোধী সিদ্ধান্তকে বাঁচিয়ে রাখার জন্য কী পরিমাণ অর্থ খরচ করেছিল এই সরকার। আর নতুন সরকার এসে কত পরিমাণ টাকা খরচ করেছিল এই সরকার, তা প্রকাশ করা হবে ১৫ দিনের মধ্যে।"















