আজকাল ওয়েবডেস্ক: দুপুরে তৃণমূলে যোগ দিয়েছিলেন পবিত্র কর। বিকেলে তাঁকেই নন্দীগ্রামের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, ছাব্বিশের ভোটে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জোড়া-ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন একদা তাঁরই তাঁরই ঘনিষ্ট।

কে এই পবিত্র কর?
নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতে একাধিকবার প্রধান ও উপপ্রধানের দায়িত্ব সামলেছেন পবিত্র। তখন তিনি তৃণমূলে ছিলেন।

শুভেন্দু বিজেপিতে যোগদানের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন পবিত্র। দিলীপ ঘোষের হাত ধরে ২০২০ সালের ২২ নভেম্বর  বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্র কর। 

তবে, সময় যত এগোয় বিজেপির সঙ্গে পবিত্রর সম্পর্ক আলগা হতে শুরু করে। 

মঙ্গলবার পবিত্র ফের আবারও তৃণমূলে ফেরেন।

এবার সাংগঠনিকভাবে দক্ষ পবিত্র করকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিল তৃণমূল। এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। হাইভোল্টেজ ওই নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে, সেই জয় নিয়ে বিস্তর বিতর্ক ওঠে। আদালতে মামলা করেন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি।