আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায় জেলায় বিজেপির কোন্দল অব্যাহত। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে কৌশিক রায়কে পুনরায় টিকিট দেওয়ায় বিজেপিকর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ। জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে তালাবন্দি করে বিক্ষোভ।
গত বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ি কেন্দ্র থেকে জয়লাভ করে পাঁচ বছর বিধায়ক ছিলেন কৌশিক রায়। এবারও দল তাঁকেই প্রার্থী করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন একাংশ বিজেপি কর্মী ও সমর্থক। তাঁদের অভিযোগ, বিধায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের জন্য তেমন কোনও কাজ করেননি এবং দলীয় কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেননি। ফের কেন তাঁকে আবার প্রার্থী করল দল।
প্রার্থী হিসেবে কৌশিককে নিয়ে সন্তুষ্ট নয় কেউ। শুক্রবার ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। জেলা সভাপতি শ্যামল রায়, বিধানসভার কনভেনার-সহ একাধিক নেতাকে কার্যালয়ের ভিতরে তালাবন্দি করে রাখা হয়। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, কৌশিক রায়ের হয়ে তাঁরা কোনও প্রচারে অংশ নেবেন না। প্রয়োজনে অন্য বিধানসভায় গিয়ে প্রচার করবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। যদিও এই ঘটনায় জেলা সভাপতি শ্যামল রায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, “ওঁরা ক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের সঙ্গে কথা না বলে এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।”
