দুবাইতে তৈরি হচ্ছে সোনার রাস্তা! বছর শেষের আগেই পর্যটকদের উপহার ২৪ ক্যারেট গোল্ড ওয়াকওয়ে
নিজস্ব সংবাদদাতা
২৬ অক্টোবর ২০২৬ ১৯ : ৫৮
শেয়ার করুন
1
7
সোনা দিয়ে তৈরি রাস্তার উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা কেমন হতে পারে? এ বার পর্যটকদের জন্য এমনই এক অভিনব আকর্ষণ নিয়ে আসতে চলেছে দুবাই। চলতি বছরের শেষের আগেই সেখানে তৈরি হতে পারে ২৪ ক্যারেট সোনার ওয়াকওয়ে।
2
7
দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে এই বিশেষ পথ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি হবে বিশ্বের প্রথম এবং দীর্ঘতম সোনার ওয়াকওয়ে। ফলে পর্যটন মানচিত্রে আরও একটি নতুন আকর্ষণ যোগ হতে চলেছে এই শহরে।
3
7
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হারমুদি জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে এই ওয়াকওয়ে চালু করার পরিকল্পনা রয়েছে।
4
7
দুবাই দীর্ঘদিন ধরেই সোনা ও গয়নার ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নতুন এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার পাশাপাশি সোনার ব্যবসার কেন্দ্র হিসেবে শহরটির পরিচিতি আরও মজবুত করতে চাইছে কর্তৃপক্ষ।
5
7
২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট। সোনা, গয়না, বুলিয়ন এবং পাইকারি ব্যবসার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন বিলাসবহুল পণ্যের দোকানও। দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে এক হাজারেরও বেশি খুচরো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নতুন ওয়াকওয়ে চালু হলে কেনাকাটার পাশাপাশি পর্যটকদের কাছে এটি আলাদা আকর্ষণ হয়ে উঠতে পারে।
6
7
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে চলতি বছরের শুরু থেকে পাইকারি সোনার ব্যবসার নতুন অফিসের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে সোনা, গয়না, মূল্যবান পাথর এবং বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। ব্যবসার এই প্রসার সামাল দিতে আরও অফিস ও খুচরো বিপণি তৈরির কাজ চলছে।
7
7
শুধু সোনার রাস্তা নয়, মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সোনা ও গয়নার বাণিজ্য প্রদর্শনী কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। সব মিলিয়ে, সোনার ব্যবসা এবং পর্যটন—দুই ক্ষেত্রেই দুবাইয়ের আকর্ষণ বাড়াতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই ওয়াকওয়ের নির্মাণপদ্ধতি, প্রবেশের নিয়ম এবং পর্যটকদের জন্য কী কী ব্যবস্থা থাকবে, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি।