আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ এক উচ্চপর্যায়ের অনলাইন পর্যালোচনা ও প্রশিক্ষণ বৈঠকের আয়োজন করল ভারতের নির্বাচন কমিশন। নয়া দিল্লির 'নির্বাচন সদন' থেকে আয়োজিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (DEO), পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের (CP) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, রাজ্যে ভোট হতে হবে সম্পূর্ণ হিংসামুক্ত এবং ভয়ভীতিহীন পরিবেশে।
গত ৯ই মার্চ পশ্চিমবঙ্গ সফরকালে মুখ্য নির্বাচনী কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার যে বার্তা দিয়েছিলেন, এদিন তাকেই ফের মনে করিয়ে দেওয়া হয়। কমিশনের মূল লক্ষ্য হল— কোনও রকম প্রলোভন, ভয়ভীতি বা অশান্তি ছাড়াই সাধারণ মানুষ যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এদিনের বৈঠকে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি খুঁটিনাটি বিষয়, যেমন— বুথের পরিকাঠামো নিশ্চিত করা, ইভিএম ব্যবস্থাপনা, লজিস্টিকস, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটার সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেইনাররা আধিকারিকদের স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, ব্যয় পর্যবেক্ষণ এবং আদর্শ আচরণবিধি কার্যকর করার বিষয়েও প্রশিক্ষণ দেন।
প্রস্তুতির ধারা বজায় রাখতে আগামী ২৫শে মার্চ, ২০২৬ তারিখ সকাল ১১টা থেকে রাজ্যের রিটার্নিং অফিসারদের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সদর দপ্তরগুলিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে, রাজ্যে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে প্রশাসনের সর্বস্তরে তৎপরতা বাড়াতে চাইছে নির্বাচন কমিশন।
















