আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবারই মনোনয়নপত্র জমা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১১ থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি লড়ছেন ভবানীপুর কেন্দ্র থেকে। বুধবার কালীঘাট থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে যান মমতা। সেখানেই জমা দেন মনোনয়নপত্র। হলফনামায় তাঁর সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েছেন তিনি।


হলফনামা অনুযায়ী, ২০২৪–২৫ সালে তাঁর আয় ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৩–২৪ অর্থবর্ষে ২০ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা আয় করেছেন মমতা। ২০২২–২৩ অর্থবর্ষে আয় ২৯ লক্ষ ৭৬ হাজার ৩৬০ টাকা। ২০২১–২২ অর্থবর্ষে আয়ের পরিমাণ ৩৮ লক্ষ ১৪ হাজার ৪১০ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২০–২১ সালে আয় হয়েছিল ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা।


হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ রয়েছে ৭৫ হাজার ৭০০ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কে ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে মমতার। ওই অ্যাকাউন্টে রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। অন্য একটি অ্যাকাউন্টে মাত্র ৪০ হাজার টাকা রয়েছে। সবমিলিয়ে ব্যাঙ্কে রয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা।
৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা রয়েছে মমতার। যার বাজারদর ১ লক্ষ ৪৫ হাজার টাকা। সবমিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা। নেই গাড়ি। কোনও অস্থাবর সম্পত্তিও নেই তাঁর। মমতার নামে নেই কোনও কৃষিজ কিংবা অকৃষিজ জমি। বসতবাড়িও নেই তাঁর নামে। কোনও ঋণও নেই মমতার। 


শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন, ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করেন তিনি। পরীক্ষা হয়েছিল ১৯৭৯ সালে। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে ১৯৮২ সালে ব্যাচেলার অফ ল পাশ করেন। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।